নকলায় চাঁদাবাজ ৩ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
জেলার নকলা উপজেলায় এক প্রকৌশলীর কাছে চাঁদা দাবি করায় এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় শুক্রবার স্থানীয় তিন ছাত্রদল কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীন ফোনের টাওয়ারের জেনারেটর কক্ষ নির্মানের সময় মেটালেক্স কোম্পানীর প্রকৌশলী শহিদুল ইসলামের কাছে স্থানীয় তিন ছাত্রদল কর্মী আরমান, ফিরোজ ও ফরহাদ পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা প্রকৌশলীর মোবাইল ফোন ও সাথে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় শহিদুল ইসলাম তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
