চট্টগ্রাম অস্ত্র চালান মামলার গ্রেফতারকৃত আসামী ইয়াকুব আট দিনের রিমাণ্ডে
চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার আসামী হাজি ইয়াকুবকে শুক্রবার আট দিনের পুলিশ রিমাণ্ডে নেয়া হয়েছে। সূত্র জানায়, ইয়াকুবকে মিরপুর পুলিশ কাস্টডিতে নেয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে দু’এক দিনের মধ্যে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে নেয়া হতে পারে।
মিরপুর পুলিশ জানায়, শুক্রবার সকালে ইয়াকুবকে ১০ দিনের রিমাণ্ডে নেয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত আট দিনের রিমাণ্ড মঞ্জুর করে।
এগারো মাস পালিয়ে থাকার পর বৃহস্পতিবার সকালে নগরীর মিরপুর এলাকা থেকে ৫৩ বছর বয়সী ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, অস্ত্র চোরাচালানের হোতাদের খুঁজে বের করতে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে। মামলার তদন্তে নিয়োজিত যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং চট্টগ্রাম পুলিশও তাকে জেরা করবে।
মিরপুর থানার ওসি ইন্তেজার উদ্দিন জানান, মিরপুরের লালকুঠি এলাকার বাসায় ইয়াকুবকে আশ্রয় দেয়ার জন্য পুলিশ নাসরুদ্দিনকেও আটক করেছে।
তিনি বলেন, নাসিরুদ্দিনের বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করা হলেও আদালত এষনও কোন সিদ্ধান্ত জানায়নি।
এ ব্যাপারে ডেপুটি কমিশনার (উত্তর) মাজহারুল হক বিডিনিউজকে জানান, আদালত ইয়াকুবের রিমাণ্ড আবেদন মঞ্জুর করায় শুক্রবার রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
একই পীরের ভক্ত হওয়ায় নাসিরুদ্দিন তার বাসা ‘হাবিব মঞ্জিলে’ ১১ মাস ইয়াকুবকে আশ্রয় দেয়।
২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটিতে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই কমপক্ষে ১০টি ট্রাক আটক করা হয়।
