২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটি বোর্ডিং সম্মাননা: কারো কারো মাথা মেঘ ছুঁয়েছে

বিউটি বোর্ডিং সম্মাননা ২০০৫ প্রদান উপলক্ষ্যে শুক্রবার পুরান ঢাকার বাংলাবাজারের ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং চত্বর পরিনত হয়েছিল কবি, সাহিত্যিক, শিল্পীদের মিলনমেলায়। কবি শামসুর রাহমান, কবি আল মাহমুদ ও শিল্পী দেবদাস চক্রবর্তীকে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

অনুষ্ঠানে কবি শামসুর রাহমান বলেন, এদেশের বড় বড় পুরস্কার পেয়েছি। বিদেশ থেকেও পুরস্কার পেয়েছি। কিন্তু আজকে যে পুরস্কার পেয়েছি, তাতে সবচেয়ে বেশি আনন্দিত। কারন আমার প্রথম কবিতা ছাপা হয়েছিল বিউটি বোর্ডিংয়ের একটি দালান থেকে। তখন নলিনীকিশোর গুহের সম্পাদনায় ‘সোনার বাংলা’ নামে একটি সাহিত্য পত্রিকা বের হতো এখান থেকে।

কবি আল মাহমুদ বলেন, এদেশের আধুনিক সাহিত্য, চিত্রকলা ও চলচ্চিত্র আন্দোলন শুরু হয়েছিল বিউটি বোর্ডিং থেকে। এখানে যারা আড্ডা দিতেন তাদের অনেকেই বিভিন্ন ক্ষেত্রে বড় হয়েছেন। কেউ কেউ সাংস্কৃতিক জগৎকে নিয়ন্ত্রণ করেছেন, কারো কারো মাথা মেঘ ছুঁয়েছে। তিনি আরও বলেন, আমাদের সাহিত্যে বড় কিছু ঘটতে যাচ্ছে। যার আলামত আমি দেখতে পাচ্ছি।

বিউটি বোর্ডিং সুধী সংঘ ট্রাস্ট এই সম্মাননা অনুষ্ঠানমালার আয়োজন করে। ট্রাস্টের সভাপতি কবি ইমরুল চৌধুরীর সভাপতিত্বে স্মৃতিচারন পর্বে কবি, সাহিত্যিক, শিল্পীরা  অংশ নেন। স্মৃতিচারণ শেষে উপস্থিত বিউটিয়ানদের মধাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

বিকেলে ইমরুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। সম্মাননাপ্রাপ্ত তিনজনকে ১০ হাজার করে টাকা এবং ক্রেস্ট প্রদান করা হয়। অসুস্থতার কারণে দেবদাস চক্রবর্তী অনুষ্ঠানে আসতে না পারায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহন করেন তার ছেলে শিল্পী গৌতম চক্রবর্তী।

সম্মাননা প্রদান পর্বে বক্তব্য রাখেন কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ, কবি আসাদ চৌধুরী, কবি আবদুল মান্নান সৈয়দ, কবি রফিক আজাদ এবং গৌতম চক্রবর্তী।