সরকারি কর্তারা মদ-জুয়ায় কাটান অলস সময়, বেতন পৌঁছে যায় বাসায়: গোয়েন্দা রিপোর্ট
দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। এসব অফিসের কর্মকর্তারা নানা অজুহাতে মাসে গড়ে মাত্র ৫ দিন থেকে ১৫ দিন পর্যন্ত অফিসে হাজিরা দেন।
এ সব কর্মকর্তা মাসের অধিকাংশ সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে নিজ নিজ বাড়ীতে অবস্থান করেন। অনেকে আবার ব্যবসা-বানিজ্য চালান। মদ খেয়ে, জুয়া খেলে কেউ আবার অতিবাহিত করেন অলস সময়। অনেক সময় তাদের বেতনও অফিস পিয়ন বাসায় গিয়ে পৌঁছে দেয়।
এ হেন দায়িত্বহীনতার কারণে এসব সরকারি অফিসে সৃষ্টি হয়েছে স্থবিরতা। একই সঙ্গে সরকারের ভাবমূর্তিও ভেস্তে যেতে বসেছে। জেলা প্রশাসকরা এসব কর্মকর্তাদের কাজকর্মের কোনো খবরই রাখেন না বলে সৃষ্টি হয়েছে এই অরাজকতা।
একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের রিপোর্টে এ সব কথা বলা হয়। গোয়েন্দা রিপোর্টে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের কাছে সুপারিশ করা হয়েছে।
রিপোর্টে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি এবং কাউখালি উপজেলার ১৫ জন পদস্থ কর্মকর্তার দু’মাসের উপস্থিতি ও তাদের কর্মকাণ্ডের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন, বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা, হিসাব রক্ষক কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প সমন্বয় কর্মকর্তা ও সহকারী ব্যবস্থাপক (রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট) মহিলা বিষয়ক কর্মকর্তা এবং
কাউখালি উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষণ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা।
রিপোর্টে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী ব্যবস্থাপক (রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট) উদয়ন চাকমার দপ্তরে গত বছরের বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
এতে বলা হয়, এ ব্যাপারে তার স্পষ্ট বক্তব্য, ‘যেখানে নির্বাহী কর্মকর্তা আমাকে মূল্যায়ন করেন না, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে কি হবে? একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার যেখানে মূল্যায়ন হয়না, সেখানে জাতীয় পতাকার মূল্যায়ন করে কি হবে?’
