পাহাড়ে লাগসই প্রযুক্তিতে চলছে মোবাইল ফোন
তিন পার্বত্য জেলায় এখনো আনুষ্ঠানিকভাবে মোবাইল টেলিফোন নেটওয়ার্ক চালু হয়নি। মূল কারণ নিরাপত্তা। তবে পার্বত্যবাসী নিজস্ব উদ্যোগে লাগসই প্রযুক্তিতে ব্যবহার করছেন মোবাইল ফোন। এর প্রায় সব ক’টিই ব্যবহৃত হচ্ছে বানিজ্যিকভাবে।
পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের সাত বছর পরও বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কোনো কোম্পানীর মোবাইল ফোন চালু না হওয়ার পেছনে রয়েছে নিরাপত্তা বাহিনীর আপত্তি। তারা মনে করছে, শান্তিচুক্তির পরও যেহেতু একাধিক সশস্ত্র গ্র“প তৎপর, তাই আনুষ্ঠানিকভাবে সেখানে মোবাইল ফোন চালু হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। আপত্তির কথা অবশ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয় না।
আনুষ্ঠানিক অপারেশন না থাকলেও, সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পার্বত্যাঞ্চলের উঁচু পাহাড়ের চূড়ায় কোথাও কোথাও বৃহত্তর চট্টগ্রাম জোনের টাওয়ারের আওতায় গ্রামীণ, একটেল ও সিটি সেল কোম্পানীর মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। পাহাড়ে অ্যান্টেনা বসিয়ে জেলা সদর তো বটেই, থানা সদরেও এখন অনেকে বানিজ্যিকভাবে মোবাইল ফোনের দোকান খুলে বসেছেন। সাধারণ পার্বত্যবাসীর মোবাইল নেটওয়ার্ক সুবিধা না থাকায় এসব টেলিফোনের দোকানে ভীড় লেগেই থাকে।
পার্বত্য জেলা বান্দরবান সদরেই রয়েছে এরকম অন্তত: চারটি বানিজ্যিক টেলিফোনের দোকান। জেলার চিম্বুক, মেঘলা, কানাপাড়া, শ্যারন পাড়ার কোথাও কোথাও গ্রামীণ ও সিটি সেলের নেটওয়ার্ক পাওয়া যায়। এই সুবিধার ওপর নির্ভর করে এসব দোকান গড়ে উঠেছে।
এক দোকানী বিডিনিউজকে জানালেন, প্রথম প্রথম তারা পাহাড়ের চূড়ায় অ্যান্টেনা বসিয়ে তার টেনে শহরে এই ব্যবসা চালু করেছিলেন। কিন্তু ঝড়-বৃষ্টিতে প্রায়ই তার ছিঁড়ে যাওয়ায় বিঘœ ঘটতো। এখন কর্ডলেস অ্যান্টেনা থাকায় আর এই বিপত্তি পোহাতে হয় না।
বান্দরবান সদর ছাড়াও জেলার আলিকদম, লামা ও রুমা উপজেলাতে গড়ে উঠেছে এমনি কয়েকটি বানিজ্যিক টেলিফোনের দোকান।
এছাড়া ফুরামন পাহাড়ে একই কায়দায় অ্যান্টেনা বসিয়ে আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটি সদরে রমরমা ব্যবসা করছে একাধিক দোকান। রাঙ্গামাটির কাপ্তাই, কাউখালি, নানিয়ারচরেও মোবাইল টেলিফোনের দোকান রয়েছে।
পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় অ্যান্টেনা বসিয়ে সদরে চালু হয়েছে পাঁচ-ছয়টি দোকান। খাগড়াছড়ির রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষীছড়ি, মানিকছড়িতেও এমনি আরো কয়েকটি টেলিফোনের দোকান রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামীণ ফোনের একজন মুখপাত্র স্বীকার করে বিডিনিউজকে বলেন, নিরাপত্তা বাহিনীর আপত্তির কারণেই এত বছরেও পাহাড়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন চালু করা যায়নি। তবে তাদের নিউজ লেটারে এখনো তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন চালু করার পরিকল্পনার কথা উল্লেখ থাকে।
তিনি বলেন, শান্তিচুক্তির পর পাহাড়ে পর্যটন, ব্যবসা-বানিজ্য, উন্নয়নের সুবিধার দুয়ার উন্মোচিত হয়েছে। এই অবস্থায় শুধু মাত্র নিরাপত্তার অজুহাতে সেখানে মোবাইল ফোন চালু করতে না দেওয়ার অর্থ হচ্ছে, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সাধারণভাবে পিছিয়ে থাকা পার্বত্য চট্টগ্রামকে আরও পশ্চাদপদ অবস্থানে ঠেলে দেওয়া।
