এ বছর তিনটি বেসরকারি প্রতিষ্ঠান সাড়ে তিন লাখ ল্যান্ডফোন সংযোগ দেবে
ঢাকা টেলিফোন, র্যাংকসটেল ও বে ফোনÑএই তিনটি বেসরকারি প্রতিষ্ঠান চলতি বছর সারা দেশে সাড়ে তিন লাখ ল্যান্ড ফোন সংযোগ দেবে। তবে এর মধ্যে ঢাকা অঞ্চল অন্তর্ভুক্ত নেই।
প্রথম পর্যায়ে, বিশেষতঃ পল্লী অঞ্চলে এই সব সংযোগ প্রদানের উদ্যোগ গ্রহন সম্পন্ন হয়েছে বলে প্রতিষ্ঠান তিনটির কর্মকর্তারা বিডিনিউজকে জানান।
ঢাকা টেলিফোনের চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান বলেন, নভেম্বর মাসে যাত্রা শুরু করে ঢাকা টেলিফোন দেশব্যাপী নেটওয়ার্কের অধীনে দুই লাখ ল্যান্ড ফোন সংযোগ দেবে। প্রতিটি সংযোগের জন্য ৬ থেকে ৭ হাজার টাকা লাগতে পারে বলে তিনি জানিয়েছেন।
র্যাংকসটেলের যাত্রা শুরু হবে মার্চের ২৬ তারিখে। এদের সেবার মধ্যে থাকবে কলার আইডি, ভয়েস মেইল, শর্ট ম্যাসেজ সার্ভিস (এসএমএস)। বাড়ির ছাদ বা চালে টার্মিনাল বসিয়ে বিনা তারে এ সংযোগ দেয়া হবে।
র্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ রউফ চৌধুরী জানিয়েছেন, গ্রাহক চাহিদার সাথে সঙ্গতি রেখে পরবর্তীকালে আমরা আরও বিভিন্ন সুবিধা যোগ করবো। শুধু হ্যান্ডসেটের সাহায্যেই গ্রাহকরা একই নাম্বারের ফোন অফিস থেকে বাসায়ও স্থানান্তর করতে পারবেন।
তিনি জানান, প্রতিটি সংযোগের পেছনে বিনিয়োগ হবে ১০০ থেকে ১৫০ ডলার। এই বছরের মধ্যে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬০ টি উপজেলার এক লাখ মানুষকে ফোন সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে র্যাংকসটেলের।
র্যাংকসটেলের ডিজিটাল পদ্ধতি উচ্চগতিসম্পন্ন এবং নিখুঁত হবে বলে জানিয়েছেন চীফ অপারেটিং অফিসার এটিএম জাকারিয়া।
বে-ফোন কার্যক্রম শুরু করবে মার্চের ২০ তারিখে। পরবর্তী মাসে তারা প্রায় ৫০ হাজার গ্রাহককে ফোন সংযোগ দেবেন বলে বিডিনিউজকে জানান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাসেম।
বে-ফোন চট্টগ্রাম, নোয়াখালি, ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ দক্ষিণ-পূর্বাঞ্চল কাভার করবে।
তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই জানানো হয়, আবেদন করার সর্বোচ্চ তিন দিনের মধ্যে গ্রাহককে সংযোগ দেয়া হবে। বিটিটিবি’র সাথে তুলনা করে গ্রহণযোগ্য কলরেট নির্ধারণের বিষয়েও তিন প্রতিষ্ঠান এক-ই কথা বলেছে।
প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ শেষের পথে। তবে বিটিটিবি’র সাথে রাজস্ব ভাগাভাগির বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে এই সব প্রতিষ্ঠান সরকারি মালিকানাধীন বিটিটিবি’র সাথে সম্পাদিত এক চুক্তি বলে বিটিটিবি’র নিজস্ব সংযোগের অধীনে আসে। গত ছয় মাস ধরে আলোচনার পর অবশেষে তারা পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সুবিধা ব্যবহার করতে দিতে বিটিটিবিকে রাজি করাতে সক্ষম হয়। এতো দিন এক্ষেত্রে বিটিটিবি’র একচেটিয়া অধিকার ছিলো।
নেটওয়ার্ক সুবিধার ফলে ওই তিনটি কোম্পানির গ্রাহকেরা বিটিটিবি ফোনেও ঢুকতে পারবেন। তবে কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক কোনো চুক্তি না হওয়ায় এক কোম্পানির গ্রাহক অন্য কোম্পানির গ্রাহকের সাথে কথা বলতে পারবেন না।
অবশ্য কর্মকর্তারা শীঘ্রই চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিটিটিবি ২০টির অধিক প্রতিষ্ঠানকে ল্যান্ড ফোন সংযোগ প্রদানের অনুমতি দিয়েছে।
