২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক ব্যবহারে বাংলাদেশে প্রতিবছর ৫৭ হাজার ৫ শ ৮৩ জনের মৃত্যু

বাংলাদেশে তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে সৃষ্ট অসুস্থতার কারণে প্রতি বছর প্রায় ৫৭ হাজার ৫ শ ৮৩ জনের মৃত্যু ঘটে এবং অক্ষম হয়ে পড়ে প্রায় ৩ লক্ষ ৮২ হাজার লোক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বৃহস্পতিবার তামাক নিয়ন্ত্রণ আইনের ওপর এক কর্মশালায় সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বক্তাগণ বলেন, শুধুমাত্র তামাক নিয়ন্ত্রন আইনের মাধ্যমেই  হাজার হাজার জীবনের অকাল মৃত্যু রোধ করা যাবেনা। এর জন্য চাই তামাকের বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান এবং সম্প্রচার মাধ্যমগুলোর নিবিড় সহযোগিতা। 

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব সাস্থ্য সংস্থার সমন্বয়ে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এ কর্মশালার আয়োজন করেন।

তামাক বিরোধী জোট এর আহবায়ক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ড. মোস্তফা জামান, আহমেদ হোসেন খান এবং তামাক বিরোধী কর্মী সোহরাব উদ্দিন।

বক্তাগণ বলেন, যারা কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে প্রচার চালিয়ে যুব সমাজকে তামাক ব্যবহারে উৎসাহ প্রদান করে, তামাক বিরোধী অভিযান চালানোর মাধ্যমে এদের দমন করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত ‘বাংলাদেশে তামাক ব্যবহার জনিত রোগ’ শীর্ষক গবেষণার বরাত দিয়ে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ড. জামান বলেন, বাংলাদেশে প্রতিবছর এর শিকার হয়ে প্রায় ৫০ হাজার লোকের মৃত্যু ঘটে। এদের কেউই মৃত্যুর আগে এ ব্যাপারে সচেতন থাকে না।  

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিবছর তামাক জনিত রোগে আক্রান্তদের চিকিৎসায় প্রায় ২৭ দশমিক ৪ বিলিয়ন টাকা খরচ হয় অথচ এই তামাক উৎপাদনে রাজস্ব কর বাবদ মাত্র ২৪ দশমিক ৮ বিলিয়ন টাকা সরকারের কোষাগারে জমা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আহমেদ হোসেন খান তামাক জাতীয় পণ্য ব্যবহারের ক্ষতিকারক দিকগুলোর ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধির  ওপর জোর দিয়েছেন।