২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫তম অধিবেশনের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে

আওয়ামী লীগের অংশগ্রগণ ছাড়া সংসদের সদ্যসমাপ্ত ১৫তম অধিবেশনের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সংসদে সরকার এবং সংসদের বাইরে বিরোধী দলের দেওয়া বক্তব্যের মাধ্যমে প্রধান দু’টি রাজনৈতিক দল -- বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে।

এর আগে ১৪তম অধিবেশনে বিরোধী দলের সংসদে অংশ নেয়ার মাধ্যমে যে সহনশীল রাজনৈতিক পরিস্থিতি গড়ে উঠার সম্ভাবনা ছিল, চলতি অধিবেশনের মাধ্যমে তার চরম অবনতি ঘটেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

৩১ জানুয়ারি সংসদের চলতি বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন শুরু হয়। এর মাত্র তিনদিন আগে ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া এমপি হবিগঞ্জে গ্রেনেড বিস্ফোরণে নিহত হন।

আওয়ামী লীগ প্রথম দিনই সংসদে শোক প্রস্তাব এনে অধিবেশন একদিনের জন্য মুলতুবির প্রস্তাব দেয়। কিন্তু অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।

এ কারণে আওয়ামী লীগ বৈঠকে যোগদান থেকে বিরত থাকে। একই কারণে জাতীয় পার্টির (এরশাদ) সদস্যরাও রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেন। জাপা সদস্যরা পরে অবশ্য সংসদে ফিরে যান এবং রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনা করেন।

অধিবেশন শুরুর দিন স্পিকার বলেন, সংসদের রীতি অনুযায়ী বছরের প্রথম ও শীতকালীন অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ রয়েছে। তাই অধিবেশনের প্রথম দিন সংসদ মুলতুবি করা যাবে না।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদের তথ্য অনুযায়ী, ৮ম জাতীয় সংসদের ১৫টি অধিবেশনের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ যোগ দেয়নি। যেসব অধিবেশনে তারা যোগ দিয়েছেন, তাতেও তারা সবদিন উপস্থিত ছিলেন না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দল পরিকল্পিতভাবে সংসদকে অকার্যকর করতে চায়।

অন্যদিকে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ বলেছেন, সরকারই সংসদকে অকার্যকর করেছে। এ অধিবেশনের ২২টি কার্যদিবসের মধ্যে মাত্র ৪ দিন কোরাম ছিলো। কিন্তু স্পিকার সংসদ চালিয়েছেন।

দুই প্রধান দলের এই অবস্থায় জাতীয় পার্টির নেত্রী বেগম রওশন এরশাদ বলেন, সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়েছে। দেশের প্রয়োজনেই এ অবস্থার অবসান হওয়া উচিত।