পেট্রোবাংলার খরচে ৮ সাংসদ আমেরিকা ও কানাডা যাচ্ছেন
জ্বালানি বিষয়ে সংসদ সদস্যদের জ্ঞান বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সরকারি ও বিরোধী দলের আট সদস্য আগামী মাসে আমেরিকা ও কানাডা সফরে যাচ্ছেন। সফরের জন্য ব্যয় হবে প্রায় ৬১ লাখ টাকা। অর্থের জোগান আসবে পেট্রোবাংলার প্রশিক্ষণ ও ভ্রমন তহবিল থেকে।
আগামী ১১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সাংসদদের আমেরিকা এবং কানাডার জ্বালানি স্থাপনা পরিদর্শনের অনুমতি চেয়ে
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুমোদনের জন্যে আজ বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি সার সংক্ষেপ পাঠানো হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মেশাররফ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। অনুমোদন পেলে প্রতিনিধি দল আমেরিকা এবং কানাডার জ্বালানি স্থাপনা পরিদর্শনে যাবেন।
তিনি বলেন,“আমি মনে করি সংসদ সদস্যদের এ বিষয়ে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আগেই এটি আয়োজন করা দরকার ছিল। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্যগণ নীতি নির্ধারনে এবং দিক নির্দেশনা প্রদানে আরো কার্যকর ভূমিকা পালনে সক্ষম হবেন।”
কর্মসূচি অনুসারে প্রতিজনের ভ্রমন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৯৫ ডলার অর্থাৎ ৭ লাখ ৬১ হাজার ৭ শ টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রীরা প্রতিনিধি দলে থাকছেন না। এই হিসাবে আট জন সদস্যর জন্য মোট ব্যয় হবে ৬০ লাখ ৯৩ হাজার ৬ শ টাকা।
প্রতিনিধি দলে থাকবেন, সংসদীয় কমিটির চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, সরকারি দলের সরদার সাখাওয়াত হোসেন বকুল, মোঃ সামসুজ্জোহা খান, মোঃ নাজিম উদ্দিন আলম, এম. ইলিয়াস আলী ও মোঃ হাবিবুল ইসলাম হাবিব এবং আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম ও আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন।
সংসদ সদস্যদের ভ্রমনের খসড়া কর্মসূচি অনুসারে আগামী ১১ এপ্রিল তারা কানাডার পথে ঢাকা ছাড়বেন। এনভারনমেন্ট কানাডার সহায়তায় প্রতিনিধি দল কানাডার ক্যালগেরিতে বিভিন্ন গ্যাস ও তেল স্থাপনা পরিদর্শন করবেন। ১৭ এপ্রিল প্রতিনিধি দল টরেন্টো হয়ে আসবেন আমেরিকার হিউস্টনে। পরে ২৩ এপ্রিল পর্যন্ত ইউনোকল কর্পোরেশনের সহায়তায় সাংসদরা ডালাস, হিউস্টন, আটলান্টা এবং নিউইয়র্কে বিভিন্ন গ্যাস স্থাপনা পরিদর্শন করবেন। এর মধ্যে থাকবে গ্যাস প্রসেসিং, গ্যাস সঞ্চালন ও সিএনজি স্থাপনাসমূহ।
গত ২৩ ফেব্র“য়ারি অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় সাংসদদের বাংলাদেশ, আমেরিকা, কানাডা, নরওয়ে, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারের অনুমতিক্রমে কমিটির সদস্যদের আমেরিকা ও কানাডা বিভিন্ন গ্যাস ফিল্ড এবং স্থাপনা পরিদর্শনের ব্যবস্থা করা যেতে পারে।
এই সিদ্ধান্তের আলোকে জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পেট্রোবাংলা আগামী ১১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সাংসদদের আমেরিকা এবং কানাডার জ্বালানি স্থাপনা পরিদর্শনের খসড়া কর্মসূচি চূড়ান্ত করেছে।
