ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে বান্দরবানে আদিবাসীদের বিক্ষোভ
বান্দরবানের রুমা উপজেলায় ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে শত শত আদিবাসী নাগরিক বুধবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
সেনানিবাস স্থাপনের জন্য ৯৬৫০ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়ায় আদিবাসী জনগণ এই কর্মসূচী গ্রহণ করেন।
সমাবেশ ও মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ভূমি অধিগ্রহণ বন্ধ করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।
বিক্ষুব্ধ জনগণ জানান, প্রস্তাবিত এলাকায় সেনানিবাস স্থাপন করা হলে গ্যালেঙ্গা, পান্তলা এবং সেংগুম মৌজার ৬০টি পাড়ার তিন হাজার পরিবার ভূমিচ্যুত হয়ে পড়বে।
এদিকে স্থানীয় সেনা কর্তৃপক্ষ জানায়, এটা কোন নতুন ঘটনা নয়। ৮০’র দশকে এই ভূমি চিহ্নিত করা হয় এবং ১৯৮৭ সালে পরিকল্পনা মোতাবেক ভূমি জরীপও সম্পন্ন হয়।
পর্যবেক্ষণে দেখা গেছে, চিহ্নিত এই জমির মধ্যে চার হাজার একর বনভূমি এবং এক হাজার ৬৯ একর ব্যাক্তি মালিকানাধীন। এর মধ্যে সাড়ে মাত্র ১৫ একর ভূমি হস্তান্তরে ব্যক্তি মালিকদের সম্মতি রয়েছে।
একটি সূত্র জানায়, ১৯৯১ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তার এক পত্রে উল্লেখ করেন, এই অধিগ্রহণের ফলে এলাকার ৬৫৫টি পরিবার ক্ষতিগ্রস্থ হবে এবং এর ফলে জনরোষ দেখা দিতে পারে।
