মঙ্গলবার রাতে তিনটি চোরাই সিএনজি সহ মাদক দ্রব্য উদ্ধার : গ্রেপ্তার ৫
টঙ্গী থেকে পুলিশ মঙ্গলবার রাতে তিনটি চোরাই সিএনজি অটো রিকশা উদ্ধার করেছে। এছাড়া গুলশান ও বাড্ডা থানায় মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান ১৯ বোতল ফেন্সিডিল, ৮০ বোতল দেশী ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উল্লেখিত ঘটনাসমূহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে।
থানা সূত্র জানায়, কিছুদিন আগে খিলক্ষেত এলাকায় ছিনতাইকারীদের হাতে জনৈক সিএনজি ড্রাইভার নিহত এবং তার গাড়িটি ছিনতাই হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ইকবালের স্বীকারোক্তির ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ টঙ্গী থানার সহযোগিতায় আরও দু’টি সহ মোট তিনটি চুরি যাওয়া সিএনজি অটো রিকশা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত ইকবাল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। ঢাকায় সে উত্তরা আজমপুর এলাকায় থাকতো।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র কোবরা ও গুলশান থানা পুলিশ যৌথ অভিযানে ক/৩৭/১ শাহজাদপুরের চান মিয়া ওরফে বিল্লালের ঘর থেকে ৮০ বোতল দেশী মদ উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে। থানা সূত্র জানায়, মাদারীপুর জেলার শিবচর থানার বয়রাতলা গ্রামের বাসিন্দা বিল্লাল দীর্ঘদিন ধরে শাহজাদপুর এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো।
গুলশান থানা পুলিশ অপর এক অভিযানে বনানীর সড়ক নং ৮, বাড়ি নং ৩৮-এ অবস্থিত এক্সেলসিয়র আবাসিক হোটেল থেকে ২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার খায়রুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ১৯ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এরা হলো বাবুল মিয়া (৩৪) ও উজ্জ্বল (২৪)। উভয়েই ম/৭৫ পশ্চিম মেরুলের বাসিন্দা।
