২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক শৃঙ্খলা বা আইন বিরোধী কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ধর্ম, রাজনীতি, আদর্শ ও আন্দোলনের নামে কিংবা বিশেষ কোনও মতবাদের নামে কাউকেই সামাজিক শৃঙ্খলা বা আইন বিরোধী কাজ করতে দেয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

৮ম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী ভাষণে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, এখানে প্রশ্নটা কোনও জঙ্গিবাদ বা মৌলবাদের নয়, যারাই দেশে সন্ত্রাস সৃষ্টি করবে, সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের কারণ হবে সরকার তাদের বিরুদ্ধেই কার্যকর ব্যাবস্থা নেবে। এ ধরনের সমস্যাকে আমরা আইন শৃঙ্খলার সমস্যাই বলেই মনে করি।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদকে অধিকতর কার্যকর এবং সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে তাঁর আহ্বানকে আমরা স্বাগত জানাই। জাতীয় সংসদকে আমরা সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আমরা বরাবরই সচেষ্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এ ক্ষেত্রে আমরা প্রধান বিরোধী দলের কাছ থেকে কোন সহযোগিতা পাচ্ছি না।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পরিবর্তনে বিরোধী দলের দাবির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পদ্ধতির অধীনে অনুষ্ঠিত এক সংসদ নির্বাচনে বিরোধী দল একবার সরকার গঠন করেছিল। কিন্তু এখন কেন তাদের এ পদ্ধতি পছন্দ নয় তা আমরা বুঝে উঠতে পারছি না। 

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রধান বিরোধী দল সংসদে না এসে তাদের দায়িত্ব পালন না করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় তৎপর। তারা হরতাল ভাংচুর ও অগ্নি সংযোগের মাধ্যমে জনগণের জীবন বিপন্ন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে চলছে। বিরোধী দলের এ আচরণ গণতন্ত্রসম্মত নয়।

বিরোধী দলের সমালোচনায় খালেদা জিয়া বলেন, তাদের সামনে কোনও কর্মসূচি নেই। তাই তারা ভূখা মিছিল করে।

তিনি বলেন, ’৭৪ সালে কি ঘুমিয়ে ছিলেন? এক কেজি চালও তো আনতে পারেননি। একদিকে মানুষ না খেয়ে মরেছে অন্যদিকে ছেলেকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দেয়া হয়েছে। এখন ভূখা মিছিলের দরকার নেই।’ 

তিনি বলেন, বিশৃঙ্খল কর্মসূচি না দিয়ে চুপচাপ বসে থাকেন, না হলে বিদেশ গিয়েই কিছু দিন বসে থাকেন, দেখবেন দেশ অনেক দূর এগিয়ে গেছে।  

প্রধানমন্ত্রী বলেন, আমরা তাদের বারবার সংসদে এসে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা কোনও কারণ ছাড়াই সংসদে যোগদান থেকে বিরত থেকেছে।  জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে দায়িত্ব পালনের জন্য। কিন্তু তারা জনগণের সে দায়িত্ব পালন করছেন না।

সংসদকে আরও কার্যকর ও গতিময় করে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার তদন্তের ব্যাপারে তিনি  বলেন, গ্রেনেড বিস্ফোরণ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সহযোগিতা নিয়েছি।

তদন্তে আওয়ামী লীগের কাছ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলেও তিনি অভিযোগ করেন।

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার মৃত্যুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মৃত্যু সব সময়ই দুঃখজনক। কিবরিয়া সাহেবের দুঃখজনক মৃত্যুর পর প্রধান বিরোধী দল যে আচরণ করছে, তাতে বিবেকবান মানুষ মাত্রই বিস্মিত হয়েছেন।

তিনি আরও বলেন, যে কিবরিয়া সাহেব হরতালের বিরুদ্ধে কথা বলেছেন, হরতালের আর্থিক ক্ষতি সম্পর্কে দেশবাসীকে সজাগ করিয়েছেন, তার মৃত্যুতে উপুর্যপুরি হরতাল দিয়ে প্রধান বিরোধী দল কি লক্ষ্য অর্জণ করতে চায় তা আমাদের কাছে এখনও বোধগম্য নয়।

সম্প্রতি দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং বেসরকারি সংস্থার অফিসে বোমা হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনাকে সরকার সন্ত্রাসী কার্যকলাপ হিসেবেই দেখে।

র‌্যাব সম্পর্কে তিনি বলেন, আইনের অধীনে র‌্যাব গঠন করা হয়েছে। তারা সুন্দরভাবে কাজ করছে। যখন তারা মানুষ মেরেছে তখন মানবাধিকারের কথা আসেনি। এখন এনকাউন্টারে মারা গেলে কেন মানবাধিকারের কথা আসে। বিরোধী দল সন্ত্রাস ও চাদাবাজি করতে পারছে না বলেই ওরা মানবাধিকারের কথা বলছে।