বিতর্কিত এসপি মাসুদ মিয়ার আরও দুর্নীতি ফাঁস
বিতর্কিত পুলিশ সুপার এবং বাংলা ভাইয়ের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে চিহিৃত মাসুদ মিয়াকে রাজশাহী থেকে ঢাকায় প্রত্যাহার করার পর একের পর এক তার দুর্নীতির চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে।
পুলিশ সূত্র জানায়, রাজশাহী পুলিশের কয়েকজন কর্মকর্তা এসপি মাসুদের কুকর্মের খতিয়ান প্রদান করেছে পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষকে।
এসপি মাসুদ মিয়া তার সোর্স খলিলের মাধ্যমে এলাকার মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের কাছ থেকে ভয় দেখিয়ে মাসোহারা আদায় করতেন। এছাড়া তার বিরুদ্ধে পুলিশের নিু পদস্থ কর্মকর্তাদের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে ।
সূত্র আরও জানায়, রাজশাহীর এএসআই মোহাম্মদ রাশিদুল হক, কনস্টেবল (১০৯৭) নুরুল ইসলাম, কনস্টেবল মোহাম্মদ ইসরাফিল আলমের কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় এসপি মাসুদ মিয়া তাদেরকে গত ১ মার্চ পুলিশ লাইনে ক্লোজ করেন এবং টাকা আদায়ে ব্যর্থ হওয়ার পর ৭ মার্চ তাদের সাময়িক বরখাস্ত করেন।
এছাড়া ওই এসপি তারই আরেক সোর্স আবদুল কুদ্দুসের মাধ্যমে পুঠিয়া হাইওয়েতে বিভিন্ন গাড়ি চেক করে ফেনসিডিল উদ্ধার করার পর তা বিক্রি করে দেন।
চারঘাট থানার ওসি আবুল কালামকে উদ্ধৃত করে পুলিশের ভিন্ন একটি সূত্র জানায়, এসপি মাসুদ তাকে (আবুল কালাম) মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা তুলতে নিয়মিত চাপ দিতেন।
জানা যায়, মাসুদ মিয়ার বিরুদ্ধে কিছুদিন আগে অপকর্মের জন্য ক্লোজ হওয়া তানোর থানার এএসআই/১০ আবদুল মাজেদকে ঘুষের বিনিময়ে মাত্র দু’মাসের মধ্যে প্রমোশন দিয়ে এসআই করে কাকনহাট তদন্ত কেন্দ্রে বদলী করার গুরুতর অভিযোগও রয়েছে ।
এছাড়া প্রত্যাহার আদেশ পাওয়ার পর রাজশাহী পুলিশ লাইনের প্রায় শতাধিক আমগাছ বিধি বিধান না মেনে ১২০,০০০ টাকার বিনিময়ে নিজ সোর্সকে লীজ দেন।
পুলিশ কর্তৃপক্ষ গত ১১ মার্চ বিতর্কিত এসপি মাসুদকে এক প্রকার জোর করেই রাজশাহী ছাড়তে বাধ্য করে। এরআগে গত ৫ মার্চ তাকে রাজশাহী থেকে বদলি করা হয়। কিন্তু তিনি এ আদেশ অমান্য করে রাজশাহীতে থাকার জন্য জোর তদবির চালিয়েছিলেন।
