সেনাবাহিনীর প্রাক-প্রস্তুতি পর্যবেক্ষনে সুদানের ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকায়
আফ্রিকার সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের যোগদানের প্রাক-প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে।
সেনাবাহিনীর উচ্চ পদস্থ এক কর্মকর্তা সোমবার বিডিনিউজকে জানান, ১৫০০রও বেশি সংখ্যক সেনা সদস্যকে দক্ষিণ সুদানে শান্তিরক্ষায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জাতিসংঘের কোন মিশনে এটি হবে বাংলাদেশের সর্ববৃহৎ অংশগ্রহণ।
সূত্র জানায়, কর্নেল ফয়সাল নাজিব ছয় সদস্যের নেতৃত্ব দিচ্ছেন। দলের অপর সদস্যরা হলেন- লে. ক. ডিক্টের লুসেম, অসীম শর্মা, ড. জিমি মাবাসো, রেমন্ড রাড্ডাজ এবং কিম স্মিথ।
জাতিসংঘের এই দলটি তাদের সফরকালে সেনাবাহিনীর সদর দফতরে সংশ্লিষ্ট উচ্চ পদস্থ অফিসারদের সাথে দেখা করে সুদানে সৈন্য পাঠানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
এছাড়া দলটি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অবস্থিত বাংলাদেশ পীস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিওটি) ও কেন্দ্রীয় ওয়ার্কশপ, দিনাজপুর খোলাহাটি ক্যান্টনমেন্টে ইনফেনট্রি ব্যাটালিয়ন এবং চট্টগ্রামে পরিদর্শন করে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি পর্যবেক্ষণ করবেন। দলটি ১৯ মার্চ ঢাকা ত্যাগ করবে বলে জানা যায়।
সেনা সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমতি পাওয়ার পর তারা নির্ধারণ করবে কবে এবং কত সংখ্যক সৈন্য সুদানে পাঠানো হবে।
গত বছর থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ১৭ লাখ লোক গৃহহারা হয়েছে। শত শত নারী ধর্ষণের শিকার হয়েছে। আর খুন হয়েছে হাজার হাজার নিরীহ মানুষ।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২ টি মিশনে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৭৮১৬ সদস্য দায়িত্ব পালন করছেন।
সূত্র মতে, গত ১৬ বছরে জাতিসংঘের ৩১ টি মিশনে প্রায় ৪০,৭৯৩ জন সদস্য অংশগ্রহণ করে প্রায় ৪৬০০ কোটি টাকা আয় করেছে।
