'ট্রাস্ট হাসপাতাল' গত ১৪ বছরেও চালু হয়নি, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে
ব্যাপক দুর্নীতি, অবহেলা এবং মৌলবাদী বেসরকারি সংস্থা ‘ইসলামী উম্মাহ করপোরেশন’র কাছে লীজ দেওয়ায় যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য গড়া ‘ট্রাস্ট হাসপাতাল’ গত ১৪ বছরেও চালু হয়নি।
অনাদরে খোলা আকাশের নীচে নষ্ট হয়ে গেছে হাসপাতালের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সম্পদ।
অনুসন্ধানে জানা যায়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৯৯১ সালের জুন মাসে ফরাসী সরকারের কারিগরী ও অর্থনৈতিক সহায়তায় এই হাসপাতালটি ঢাকার মিরপুর চিড়িয়াখানার পাশের ৩ নম্বর বক্স নগরে স্থাপিত হয়।
সেসময় এটি স্থাপনে ব্যয় হয় প্রায় ছয় কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে ফরাসী সরকারের অনুদান ছিল পাঁচ কোটি ৬৮ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট দিয়েছিল ৫৮ লাখ টাকা ।
ছয় হাজার ১৭৬ বর্গফুট জায়গার ওপর স্থাপিত এই হাসপাতালটি ১০০ শয্যা বিশিষ্ট হওয়ার কথা। এছাড়া এতে ৩০ শয্যা বিশিষ্ট একটি ভ্রাম্যমান হাসপাতালও সংযোজিত করার পরিকল্পনা নেওয়া হয়।
অত্যাধুনিক অ্যা¤ু^লেন্স, সরবরাহ যান, স্ট্যান্ডবাই জেনারেটর ইত্যাদিসহ আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করা হয় হাসপাতালটি।
একাধিক সূত্র জানায়, এ পর্যায়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টেরই কয়েকজন কর্মকর্তা ষড়যন্ত্র করে হাসপাতালটি মৌলবাদী ‘ইসলামী উম্মাহ করপোরেশন’র কাছে লীজ দেয়।
কিন্তু ইসলামী উম্মাহ ট্রাস্ট হাসপাতাল চালু করার পরিবর্তে ঐ ভবনেই ‘মনসুর আলী মেডিকেল কলেজ’ নামে তাদের আরেকটি নিজস্ব প্রতিষ্ঠান চার বছর ধরে চালায়। পরে তারা আবার উত্তরা এলাকায় ওই মেডিকেল কলেজ চালু করে।
জানা যায়, ১৯৯০ সালের ৭ জুনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বোর্ডের ৫২ তম সভায় কমপ্লেক্স ভবনটির সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে একে হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরআগে ১৯৮৪ সালের ২৫ মার্চ ট্রাস্টের বোর্ড অফ ট্রাস্টিজের ৪৭তম সভায় প্রথম আধুনিক হাসপাতালের চারতলা ভবনের রক্ষণাবেক্ষণের দায়-দায়িত্ব মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওপর ন্যস্ত করা হয়।
কিন্তু পরে কল্যাণ ট্রাস্টের তৎকালীন প্রভাবশালী কয়েকজন সদস্যের চাপে হাসপাতালটি আশেপাশের খালি জায়গাসহ ইসলামী উম্মাহর কাছে ১০ বছরের জন্য লীজ দেওয়া হয়।
কিন্তু লীজের শর্ত অনুযায়ী ওই সংস্থাটি সময়মত ভাড়া প্রদান করেনি। উপরন্তু তারা হাসপাতালটি চালু করার ব্যাপারে তারা কোনো উদ্যোগই নেয়নি বলে অভিযোগ রয়েছে। এই সুযোগে অনাদরে নষ্ট হয়ে গেছে হাসপাতালের কোটি কোটি টাকার সম্পদ।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসলামী উম্মাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
