ধানমণ্ডিতে জোড়াখুনের আসামি আমিরুল ফরিদপুরে গ্রেফতার
ডাক্তার নাজরীন ও তার গৃহপরিচারিকা পারুলের জোড়া খুন মামলার আসামি আমিনুল ইসলামকে পুলিশ রোববার চুনারুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।
আমিনুলের কাছ থেকে পুলিশ নিহত ডাক্তার নাজরীনের মোবাইল ফোনও উদ্ধার করে।
গ্রেপ্তারের পর আমিনুল সাংবাদিকদের কাছে তার মামী ও কাজের মেয়ে পারুলকে হত্যার কথা স্বীকার করে হত্যাকান্ডের বর্ণনা দিয়েছে। তবে সে পারুলের সাথে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেছে।
আমিনুল পুলিশকে জানায় যে, হত্যাকান্ডের পর সে বাসযোগে বগুড়া চলে যায়। পরদিন (মঙ্গলবার) সকালে সেখান থেকে ফরিদপুরে চলে আসে। ঐ রাতে আমিনুল শহরের রথখোলা এলাকার একটি বিপনী বিতানের বারান্দায় শুয়ে রাত কাটায়। পরদিন (বুধবার) সকালে আমিনুল দৈনিক ভিত্তিতে কামলা খাটার জন্য ওই বিপনী বিতানের সামনে জড়ো হওয়া অন্যান্য শ্রমিকদের সাথে দাড়ায়। ফরিদপুর শহরের চুনাঘাটা বেড়িবাঁধ এলাকার মনোয়ার ফকির তার জমিতে কামলা খাটার জন্য তাকে নিয়ে যায়।
আমিনুলের কাছে মোবাইল ফোন দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। তারা তাকে চোর সন্দেহে গত শনিবার আটক করে। আটক অবস্থা থেকে মুক্তি পেতে আমিনুল তার ফুপাতো ভাই ব্র্যাক অফিসের কর্মকর্তা আজিজুর রায়হানকে মোবাইল ফোনে ঘটনা জানায়। আজিজুর ঘটনাটি পুলিশকে জানালে তারা আমিনুলকে গ্রেপ্তার করে।
গত ৭ মার্চ (সোমবার) রাতে ধানমন্ডি থানা পুলিশ সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে ডা. নাজরীন (৪৫) এবং তার গৃহপরিচারিকা পারুলের (১৩) গলাকাটা লাশ উদ্ধার করে।
নাজরীনের চাচাতো ভাই সাইফুল ইসলাম এ খুনের ঘটনায় আমিরুলকে আসামি করে পরদিনই ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
আমিরুল ইসলাম নওগাঁ জেলার পতœীতলা উপজেলার আকবারপুর গ্রামের চান মোহাম্মদ মন্ডলের ছেলে।
