শ্রমিক আন্দোলনের মুখে কোটস বাংলাদেশে অচলাবস্থা, উৎপাদন বন্ধ
তিনজন শ্রমিক নেতাকে বরখাস্তের কারণে দেশের সবচেয়ে বড় সেলাই সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোটস বাংলাদেশ লিমিটেডে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কারখানায় উৎপাদন প্রায় বন্ধ।
গত ৫ ফেব্র“য়ারি থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। কর্তৃপক্ষ ৮ ফেব্র“য়ারি কারখানা লক আউট ঘোষণা করে ১২ ফেব্র“য়ারি তা তুলে নিলেও শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকায় যুক্তরাজ্যের ব্যাবস্থাপনায় বহজাতিক কোম্পানি কোটস দেশের গার্মেন্টস সেক্টরের সেলাই সুতার চাহিদার ৫০ শতাংশ সরবরাহ করে থাকে। কোটস বাংলাদেশের পরিচালক (মানবসম্পদ) মতিউল ইসলাম নওশাদ বিডিনিউজকে বলেন, শ্রমিকদের কাজে যোগ না দেওয়া এবং কর্তৃপক্ষের লক আউটের কারণে উৎপাদন ব্যহত হচ্ছে।
১২ ফেব্র“য়ারি লক আউট তুলে নেয়ার পর সামান্য সংখ্যক শ্রমিক কাজে যোগ দেয় বলে জানান তিনি।
একটি সূত্র জানায়, শ্রমিকরা দাবি করছে, কর্তৃপক্ষ তাদেরকে ১৯৬৮ সালের কোম্পানি আইন অনুসারে লভ্যাংশের ৫ শতাংশ সঠিকভাবে পরিশোধ করছে না। শ্রমিকরা কোম্পানির অডিট রিপোর্টও প্রত্যাখান করে।
২০০৪ সালের নভেম্বর মাস থেকে শ্রমিকরা ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে বলে সূত্র জানায়।
চট্টগ্রাম প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম শাখা অবিলম্বে কোটস বাংলাদেশ লিমিটেডের শ্রমিক নেতাদের চাকরিতে পূনর্বহাল ও তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
এ দাবি মানা না হলে সমগ্র সাগরিকা শিল্প এলাকা অচল করে দেয়া হবে বলে স্কপের সংবাদ সম্মেলন থেকে হুমকি দেয়া হয়।
কোটসের যে তিনজন শ্রমিক নেতাকে বরখাস্ত করা হয় তারা হলেন, সিবিএ’র সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ দানেশ।
