২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরহানউদ্দিনে মাদ্রাসায় হামলার ঘটনায় আলেম সমাজের প্রতিবাদ সভা

জেলার বোরহানউদ্দিনে মাদ্রাসায় হামলা চালিয়ে ছাত্রদের আহত করা এবং কোরআন, হাদীস পুড়িয়ে ফেলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জড়িত বলে অভিযোগ করেছেন ভোলার আলেম সমাজ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

রোববার কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে কওমী মাদ্রাসা সংরক্ষণ কমিটি আয়োজিত এক সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে মাদ্রাসার ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা প্রদান, ১৫ মার্চের মধ্যে মাদ্রাসার পুননির্মাণ কাজ শুরু, ছাত্রদের সুচিকিৎসা ও দোষীদের কঠোর শাস্তি বিধানের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মিাজানুর রহমান, মাওলানা মো. হারুন, মাওলানা মো. আতাউর রহমান, মাওলানা নজিবুল্লাহ সরকার, মুফতি মহিউদ্দিন, মুফতি আহমদুল্লাহ, রফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে, স্থানীয় এমপি হাফিজ ইব্রাহীম মাদ্রাসা ও মসজিদের ধ্বংসস্তুপের চার দলীয় জোটের ব্যানারে অনুষ্ঠিত এক সভায় এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, জোট সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত ১২টায় বোরহান উদ্দিন থানার কওমী মাদ্রাসা ও মসজিদে এক দল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর, লুঠপাট ও অগ্নি সংযোগ করে। এতে মাদ্রাসা ছাত্রবাসের অনেক ছাত্র আহত হয় এবং কোরআন হাদীসসহ অনেক মূল্যবান কিতাব পুড়ে যায়। ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ঠিকাদার মশিউর রহমান রূপকের নেতৃত্বে জমি দখল সংক্রান্ত কারণে এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।