কক্সবাজারে অপহৃত দুই কিশোরী উদ্ধার, ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মা ও ছেলে গ্রেফতার
শহরতলীর বদর মোকাম এলাকার একটি বাড়িতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করেছে।
অপহরণ, ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে এসময় রেজাউল করিম নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশি কাজে বাধা দেয়া এবং ধর্ষণ চেষ্টায় সহযোগিতা করার অভিযোগে তার মা আমিনা খাতুনকেও পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, শহরের কলাতলীর দুই কিশোরী শনিবার সকালে ঔষধ কিনতে আসার পথে সোবহান সওদাগরের পুত্র রেজাউল করিম তাদের অপহরণ করে নিজ বাড়িতে এনে ধর্ষণ পূর্বক হত্যার চেষ্টা চালায়।
প্রতিবেশিরা এই ঘটনা পুলিশকে জানালে পুলিশ সুপার আবুল কালামের নেতৃত্বে অর্ধ শতাধিক পুলিশ বাড়ি ঘেরাও করে দরজা ভেঙ্গে একটি কক্ষ থেকে দুই কিশোরীকে উদ্ধার করে।
