ক্ষমতাসীন দলের সাংসদদের বেসরকারি সদস্যদের বিল উত্থাপনে শর্তারোপ
সংসদীয় দলের পূর্ব অনুমতি ছাড়া ক্ষমতাসীন দলের সাংসদরা বেসরকারি সদস্যদের বিল সংসদে উত্থাপন করতে পারবেন না।
কার্যপ্রনালী বিধি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ এ কথা জানান। এর আগে আইন মন্ত্রী ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত সম্পর্কে স্থায়ী কমিটির সভাপতি স্পীকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকারকে চিঠি দিয়ে অবগত করেন।
স্পীকার জমিরউদ্দিন সরকার সভাপতিত্ব করেন।
স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় পার্টি (এরশাদ)’র সংসদ সদস্য জি এম কাদের এমপি এই সিদ্ধাšতকে গনতন্ত্রকে নিয়ন্ত্রনের শামিল বলে অভিহিত করেন।
সভা সূত্রে জানা যায়, কমিটির আরেক সদস্য ক্ষমতাসীন জাতীয়তাবাদী দলের সাংসদ আব্দুল মান্নানও এই সিদ্ধান্তের বিরোধিতা করার চেষ্টা করেন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ক্ষমতাসীন দলের আইনপ্রনেতারা বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবও উত্থাপন করতে পারবেন না। বিতর্ক এড়িয়ে আইন মন্ত্রী বলেন সিদ্ধান্তটি সম্পর্কে সংসদীয় কমিটিকে তিনি অবহিত করলেন মাত্র।
বিশেষজ্ঞদের মতে, সংসদের কার্যপ্রনালী বিধির ৭২ থেকে ৭৪ ধারা মোতাবেক যে কোন সাংসদই বেসরকারি সদস্যদের বিল উত্থাপন করতে পারেন। এক্ষেত্রে সাংসদ বিরোধী কিংবা সরকারী, যে কোন দলের হতে পারেন।
তবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে এ সম্পর্কিত কার্যপ্রনালী বিধির কোন ধারা সংশোধিত হবে কিনা।
সভায় অবশ্য তারকা চিহ্নিত প্রশ্নের বিষয়ে সংশোধন আনার সিদ্ধান্ত নেয়া হয়। সংশোধনের পর সাংসদরা প্রশ্ন জমা দেবেন এবং স্পীকারের অফিসে লটারি করে প্রশ্নের সিরিয়াল ঠিক করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রিটিশ পার্লামেন্টের আদলে এই সংশোধনটি আনা হচ্ছে। সংশোধনের ফলে এখন থেকে প্রশ্ন জমা দেবার জন্য সাংসদদের ভোর থেকে দীর্ঘ লাইন দিতে হবে না।
সভায় আরো উপস্থিত ছিলেন চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগ সাংসদ এডভোকেট রহমত আলী।
