সংবিধানের ধারকরাই এটাকে লংঘন করছে: ড.কামাল
সংবিধানের ধারকদের খামখেয়ালির কারণে সংবিধান লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ড. কামাল হোসেন। তিনি বৃহস্পতিবার এক সেমিনারে বলেন, ‘প্রকৃতিগত দিক থেকে আমাদের সংবিধান শ্রেষ্ঠ কিন্তু এর ধারকরাই সংবিধানকে প্রতিনিয়ত লংঘন করে আসছে।’
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস’স ট্রাস্ট (ব্লাস্ট) জাতীয় প্রেস ক্লাবে মিডিয়া রোল ইন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) এন্ড অ্যাডভোকেসি’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে।
ক্রসফায়ারের নামে মানুষ হত্যার প্রেক্ষাপট উল্লেখ করে ড. কামাল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সংবিধান রক্ষার যে শপথ নিয়েছিলেন, সেটা তিনি নিজেই লংঘন করছেন।’ তিনি জনগণের স্বার্থ রক্ষার্থে বিচারবিভাগ এবং গণমাধ্যমগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহবান জানান।
সেমিনারে ব্লাস্টের ট্রাস্টি বোর্ড বিচারপতি নাঈমুদ্দিন আহমেদ বলেন, ‘গনমাধ্যমগ্র“লোর চাপের মুখে আদালত অনেকসময় প্রভাবিত হয়ে থাকে। কিছু স্পর্শকাতর মামলার ক্ষেত্রে দেখা গেছে, গনমাধ্যমের চাপের কারণে কোনও কোনও ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি নুন্যতম শাস্তির বদলে বড় ধরণের সাজা ভোগ করে থাকে।’
তিনি আরও বলেন, ‘আদালত অবমাননা আইনের ব্যবহার খুবই সতর্কতার সাথে করতে হবে। আইন প্রয়োগের নামে এমন কোনও পদক্ষেপ নেয়া উচিত নয়, যা মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে।’
দৈনিক আমার দেশ’র উপদেষ্টা সম্পাদক আতাউসসামাদ বলেন, ‘রাজনৈতিক কারণে জনস্বার্থ সম্পর্কিত অনেক বিষয় জনগনের অগোচরে রয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের পত্রিকার মালিকানা পুজিবাদিদের হস্তগত। তারা তাদের স্বার্থ বহির্ভূত বিষয়ে কতটুকুই বা দৃষ্টিপাত করতে পারবে!’
সেমিনারে দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘যদিও সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, বাস্তবে আমাদের দেশে এটার প্রচলন নেই।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর বলেন, ‘সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক প্রভাব অনেকসময় জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করে।’
ডেইলি স্টারের চিফ রিপোর্টার যায়েদুল আহসান অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করেছেন এবং সাপ্তাহিক ২০০০’র নির্বাহী সম্পাদক গোলাম মোর্তজাও একই বিষয়ের উপর আলোকপাত করেন।
সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালু এবং কিছু সাংবাদিকের হত্যাকান্ডের কথা উল্লেখ করে ইউএনবি’র সিনিয়র প্রতিবেদক ফারুক কাজি বলেন, ‘এভাবে সাংবাদিকদের ওপর হামলা চলতে থাকলে আমাদের দেশে গনমাধ্যমকর্মীদের কোনও নিরাপত্তাই থাকবেনা।’
আইন, বিচার এবং গনমাধ্যম-সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে উপস্থিত ছিলেন।
