২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারার ওসি ক্লোজের ঘটনায় পুলিশের উচ্চ পর্যায়ে বিরোধ, জড়িয়ে পড়েছেন সরকার দলের কেন্দ্রীয় নেতারাও

রাজশাহীর বাগমারা থানার ওসি ক্লোজের ঘটনায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনার সাথে জড়িয়ে পড়েছেন সরকার দলীয় একজন সংসদ সদস্যসহ কয়েক স্থানীয় ও কেন্দ্রীয় নেতা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

এদিকে বাগমারা থানার ওসি এবিএম গোলাম কিবরিয়া ডিআইজির নির্দেশ অনুযায়ী বুধবারও যথারীতি অফিস করেছেন। ইন্সপেক্টর ইউসুফ আলী সরকারকে বাগমারা থানার ওসি হিসেবে পোস্টিং দেওয়া হলেও তিনি বুধবার পর্যন্ত তার দায়িত্ব বুঝে পাননি। ডিআইজি কিংবা আইজির নির্দেশ ছাড়া ওসি কিবরিয়া কাউকে দায়িত্ব বুঝিয়ে দেবেন না বলে বিডিনিউজের কাছে মন্তব্য করেন। বদলি হয়ে আসা ইন্সপেক্টর ইউসুফ আলী সরকার সাসপেন্ড অবস্থায় ছিলেন। সম্প্রতি তার সাসপেন্ডের মেয়াদ শেষ হলে তাকে বাগমারায় পোস্টিং দেওয়া হয়।

গত ৭ মার্চ বাগমারা থানার ওসি কিবরিয়াকে ক্লোজ করা হয়। গত ৫ মার্চ রাজশাহী থেকে বদলি হয়ে আসার একদিন পর এসপি মাসুদ মিয়া বাগমারা থানার ওসিকে ক্লোজ করার নির্দেশ দেন। ডিআইজি নূর মোহাম্মদ ও এসপি মাসুদ মিয়ার মধ্যে নির্দেশ নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে তার পেছনে হাওয়া ভবনের সাথে ঘনিষ্ট রাজশাহীর এক তরুণ সাংসদের হাত রয়েছে বলে জানা গেছে।

উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজকে জানান, বাগমারা এলাকায় বাংলাভাইকে প্রতিষ্ঠিত করতে যারা কাজ করেছে সেসব রাজনৈতিক নেতাদের জোরেই বদলির মাত্র একদিন পরই এসপি মাসুদ মিয়া ওসিকে ক্লোজের নির্দেশ দিয়েছেন। নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা আরও জানান, বাংলা বাহিনীকে রক্ষার জন্যই বাগমারা থানা ও রাজশাহী মহানগরের কয়েক জন বিএনপি নেতা ওসি এবিএম গোলাম কিবরিয়াকে সরিয়ে ফেলতে তৎপর রয়েছেন।