জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুুধবার জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই নিজেদের শিবিরের নেতাকর্মী বলে দাবি করছেন।
আহতরা হচ্ছেন, ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র শেখ মহিউদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ইসমাইল জামিউল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী কবির আনসারী, ইসলামের ইতিহাস বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ফজলে রাব্বী ও দ্বিতীয় বর্ষের ছাত্র জয়নাল আবেদীন এবং ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাব্বির আহমেদ।
ছাত্র শিবির ঢাকা মহানগর (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বিডিনিউজকে বলেন, ছাত্রলীগের সহায়তায় ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষাণার পর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অবস্থানকালে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা তাদের ওপর এ হামলা চালায়। এসময় তাদের সাথে ছাত্রলীগের ক্যাডাররাও যোগ দেয়।
কোতয়ালী থানার এসআই মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ১০ জন ছাত্র আহত হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোনও মামলা হয়নি।
ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
