চট্টগ্রামে পুলিশের সাথে 'ক্রসফায়ারে' নিহত ১
জেলার রাঙ্গুনীয়ায় বুধবার পুলিশের ‘ক্রসফায়ারে’ জসিম নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাঙ্গুনীয়া থেকে গ্রেফতারের পর পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ইসলামপুর পাহাড়ি এলাকায় যায়। সেখানে ওঁত পেতে থাকা তার সহযোগীরা জসিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে জসিম গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় রাঙ্গুনীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
জসিম রাঙ্গুনীয়া ইসলামপুরের মৃত আবদুল খালেকের পুত্র। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
