সুপ্রিম কোর্টের পরামর্শ, আবার চালুর জন্য আবেদন করতে পারে ইটিভি
একুশে টেলিভিশন (ইটিভি) আবার চালু করার ব্যাপারে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইটিভি কর্তৃপক্ষকে সরকারের কাছে লাইসেন্সের আবেদন করার পরামর্শ দিয়েছেন।
একই সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হুসাইনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আপীল বিভাগের একটি বেঞ্চ ইটিভি মামলার শুনানি ১০ দিনের জন্য মুলতুবি করেন।
পরবর্তী শুনানির পূর্বে ইটিভি পক্ষের আইনজীবীকে আবেদনের ফলাফল জানাতে বলেছে আদালত।
ইটিভি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল-আলম বিডিনিউজকে বলেন, লাইসেন্সের জন্য টেলিভিশন কর্তৃপক্ষ তথ্য মন্ত্রনালয়ে একটি আবেদন করেছে।
ইটিভির পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন। অন্যদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরক্ত এ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং এ্যাডভোকেট টিএইচ খান।
সুপ্রিম কোর্টের একটি আদেশের প্রেক্ষিতে সরকার ২০০২ সালের ২৯ আগস্ট দেশের প্রথম টেরিস্ট্রিয়াল টিভি চ্যানেল ইটিভির সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেয়।
পরে টেলিভিশন কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কর্পোরেশনের (বিটিআরসি) কাছে লাইসেন্সের আবেদন করে। তবে এই আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত সাড়া দেয়নি বিটিআরসি।
