গোপালগঞ্জে চাঁদাবাজ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত
জেলার বাজুনিয়া গ্রামের বড় সোনার মেলায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দা ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষে সোমবার চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের জনৈক মজিদ ভুঁইয়ার ছেলে একদল যুবক নিয়ে মেলায় এক দোকানীর কাছে চাঁদা দাবি করে। দোকানী চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজদের সাথে হাতাহাতি হয়।
এর আগে শুক্রবার বিক্ষুদ্ধ গ্রামবাসীর সাথে চাঁদাবাজদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় চাদাবাজরা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলা দায়েরের ঘটনায় সোমবার গ্রামবাসী আরও উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে দুই গ্রামের লোকজন একত্রিত হয়ে চাঁদাবাজদের ওপর হামলা করে। চাঁদাবাজরাও গ্রামবাসীদের ওপর গুলি ছোঁড়ে এতে চার গ্রামবাসী গুলিবিদ্ধ হয় এবং উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
উত্তেজিত লোকজন চাঁদাবাজদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করলে ২৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গ্রামবাসী মামলা ও পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এমনকি আহতরাও লুকিয়ে চিকিৎসা করাচ্ছে।
পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে।
