ভাঙ্গুরায় টালো অর্ধ ট্রিলিয়ন গ্যাস পেয়েছে
বহুল আলেচিত দেশের ৯ নং ব্লকের ভাঙ্গুরায় টালো অর্ধ ট্রিলিয়ন গ্যাস পেয়েছে । কারিগরি কারণে এটিকে এই মুহূর্তে বাণিজ্যিক আবিষ্কার ঘোষনা করতে চাইছে না টালো। আগামী নভেম্বর বা ডিসেম্বর থেকে ছয় মাস পরীক্ষামূলক উৎপাদনের পর তারা আবিষ্কার ঘোষনা করবে বলে জানা গেছে।
আজ সোমবার সকালে পেট্রোবাংলায় অনুষ্ঠিত এক কারিগরি সভায় টালোর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। একই সাথে উৎপাদন শুরুর জন্যে পাইপলাইন নির্মাণ এবং গ্যাস প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনের প্রস্তাব দেয়া হয়।
এই প্রস্তাব অনুমোদিত হলে টালো চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর থেকে আনুমানিক ৪০ থেকে ৪৫ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফিট পার ডে) গ্যাস সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছে।
টালো অয়েল পিএলসি, শেভরোন-টেক্সাকো এবং বাপেক্স এর সাথে ৯ নং ব্লক নিয়ে ২০০১ সালের ১১ এপ্রিল পেট্রোবাংলার উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষর হয়। এর আওতায় অপারেটর হিসেবে টালো গত বছর লালমাইতে প্রথম খনন কাজ করে উৎপাদন যোগ্য গ্যাস পেতে ব্যর্থ হয়। গত বছরের জুন মাসে টালো দেবীদ্বার উপজেলার ভাঙ্গুরায় খনন কাজ শুরু করে। কিন্তু বন্যার কারণে খনন কাজ ৪৭ দিন বন্ধ থাকে। গত ৬ নভেম্বর কূপের খনন কাজ পুরো শেষ হয়।
এরপর শুরু হয় আবিষ্কার ঘোষনার আগের পরীক্ষা নিরীক্ষার পালা। ডিএসটি এবং উৎপাদন নিরীক্ষার পর সেখানে ছয়টি সম্ভাবনাময় জোন পাওয়া যায়। তার মধ্যে পাঁচটিতে গ্যাসের উপস্থিতি চিহ্নিত হয়। ডি এবং ই বালু স্তরে বিস্তারিত কারিগরি পরীক্ষার পর টালো জানায় এখানে মোট মজুদের পরিমাণ ৪৫৭ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)।
উৎপাদন প্রবাহ পর্যায়ে টালো ডি বালু স্তর সবোচ্চ ৫৪ এমএমসিএফডি হারে এবং ই বালু স্তর থেকে সর্বোচ্চ ২৪ এমএমসিএফডি হারে গ্যাস প্রবাহ পায়।
