২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে মৌলভীবাজার ফিল্ডের প্রাক-কমিশনিং পরীক্ষা

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইউনোকলের মৌলভীবাজার ফিল্ডের গ্যাস বিক্রয় লাইনের প্রাক-কমিশনিং কারিগরি পরীক্ষার কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

১৫ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরুর আগে পাইপ লাইনের এই হাইড্রোস্ট্যাটিক পরীক্ষার কাজ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও প্রধান বিস্ফোরক পরিদর্শকের প্রতিনিধির উপস্থিতিতে সম্পাদিত হবে।

বিক্রয় লাইনের কারিগরি পরীক্ষার পর মার্চ মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ মৌলভীবাজার ফিল্ড থেকে দৈনিক ৭০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার ফিল্ডের বাণিজ্যিক উৎপাদন উদ্ধোধন করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্রে প্রকাশ, ইউনোকলের ২৭ কিলোমিটার বিক্রয় লাইনের নির্মাণ কাজ যথাযথ হয়েছে কিনা এবং এটির চাপ ধারনের ক্ষমতা যথাযথ কিনা তা যাচাই করার জন্যে কাল মঙ্গলবার থেকে লাইনে পানি প্রবাহ করানো শুরু হবে। পরীক্ষা পর্যায়ে ২,২২৫ পিএসআইজি চাপে ২৪ ঘন্টা ধরে লাইনের কারিগরি পরীক্ষা করা হবে।

মৌলভাবাজারের কালাপুর থেকে রশিদপুরের মুচাই পর্যন্ত ১৪ ইঞ্চি ব্যাসের ২৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে।

পরীক্ষা সফল হলে প্রাথমিকভাবে জাতীয় গ্যাস গ্রীড থেকে এই লাইনে গ্যাস সরবরাহ দিয়ে লাইনপ্যাক করা  হবে। পরে মৌলভীবাজারের গ্যাস কুপ থেকে উত্তোলিত গ্যাস এই লাইনে সরবরাহ করা হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে দুটি কূপ থেকে ৭০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করা হবে। আরো দুটি কূপ খনন কাজ শেষ হলে আগামী জুন নাগাদ ইউনোকল এই ফিল্ড থেকে ১৪০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করবে।