২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে এডিবি প্রতিনিধি দলের সাথে যোগাযোগ মন্ত্রীর বৈঠক

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা শনিবার সফররত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে মন্ত্রী পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে অর্থ সহায়তায় বৃহত্তর ভূমিকা পালনের জন্য এডিবির প্রতি আহ্বান জানান।

সড়ক ও রেল যোগাযোগ খাতে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে শনিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এডিবি নির্বাহি পরিচালক অশোক সেইকিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান।

৭ হাজার ৫৪০ কোটি টাকা ব্যায় সাপেক্ষে মাওয়া জাজিরা পয়েন্টে ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে।

বৈঠকে সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি জাইকা কর্তৃক সমাপ্ত সাম্ভাব্যতা সমীক্ষা জরিপ পরবর্তী বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে মংলা বন্দরের উন্নয়ন, বাংলাদেশের রফতানি বাণিজ্য এবং জাতীয় অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির হার অর্জনের উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক রোড করিডোর উন্নয়ন ও এই মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ঢাকা মহানগরীরর চারদিকে সার্কুলার রোড কারিডোর নির্মাণে কারিগরি সহায়তা প্রদান এবং ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলে প্রস্তাবিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে এডিবির সহায়তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এডিবি সড়ক ও রেলওয়ে খাতের উন্নয়নে এ পর্যন্ত ২১টি ঋণ সহায়তার মাধ্যমে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ১৫৬০ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থ বিনিয়োগ করছে।

বৈঠকে যোগাযোগ সচিব মোহম্মদ শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোহম্মদ ফায়জুর রহমানসহ উন্নয়ন প্রকল্পসমূহের পরিচালকগণ উপস্থিত ছিলেন।