যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি: সংসদীয় উপ-কমিটি দীর্ঘ ১৪ মাসেও রিপোর্ট দেয়নি
যোগাযোগ মন্ত্রণালয়ের সিএনজি চালিত থ্রি হুইলার সংক্রান্ত দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটি দীর্ঘ ১৪ মাস পরও তদন্ত রিপোর্ট দেয়নি। এ কারণে যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ওই তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের পক্ষে মতামত দিয়েছে বলে জানা যায়।
শনিবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির দশম বৈঠকে উপস্থিত সদস্যরা মতৈক্য পোষণ করেন, আগামী ২৯ মার্চ সংসদীয় কমিটির পরবর্তি বৈঠকে তদন্ত রিপোর্ট জমা পাওয়া না গেলে নতুন কমিটি গঠন করা হবে। কমিটির সভাপতি সৈয়দ মনজুর হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন । আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ও মোস্তাফিজুর রহমান প্রথমবারের মত বৈঠকে যোগদান করেন।
সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের জানান, আগামী বৈঠকে যদি তদন্ত রিপোর্ট জমা না পাওয়া যায় তাহলে কমিটি নতুন তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হবে ।
সভা সূত্র জানায়, শেখ সেলিম দীর্ঘ পাঁচ মাস পর স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের জন্য অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কার্যপ্রনালী বিধি অনুযায়ী, প্রতিটি স্থায়ী কমিটির মাসে অন্তত একটি বৈঠক করার কথা।
রেলওয়ের জমি লিজ প্রদানে অনিয়মের প্রসঙ্গ অবতারনা করে তিনি বলেন, কমিটিকে জানাতে হবে কোন নীতির আলোকে এবং কাদের রেলওয়ের জমি লিজ দেওয়া হয়েছে। এছাড়া সরকারের জমি সিএনজি স্টেশন স্থাপনের জন্য লিজ প্রদানে অনিয়ম তদন্তের জন্য যে উপ কমিটি গঠিত হয়েছে, তা এক বছর পরেও এর রিপোর্ট জমা দেয়নি।
তিনি বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার পরিকল্পনাকে ‘উচ্চাবিলাসী’ হিসেবে চিহিৃত করে বলেন, বিআরটিসি’র ঋণ রয়েছে ৪২১ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটি লাভজনক নয়। তাই কোনো পরিকল্পনা গ্রহণের আগে অর্থের সংস্থান করা দরকার।
জানা যায়, গত বছর ৭ জানুয়ারি স্থায়ী কমিটির সভায় যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে সিএনজি ফোর-ষ্ট্রোক থ্রি হুইলার আমদানি ও রুট পারমিট প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন বিএনপি সাংসদ নাদিম মোস্তফা। কমিটির অন্যান্য সদস্যরাও অনিয়মের বিষয়ে কথা বলেন। এরই পরিপ্রেক্ষিতে নাদিম মোস্তফাকে আহবায়ক করে চার সদস্যের একটি উপ কমিটি গঠিত হয়। উপ কমিটিকে তিন দফা সময় বাড়ালেও তদন্ত রিপোর্ট জমা পাওয়া যায়নি।
সিএনজি রিফুয়েলিং স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ স্থাপনে সড়ক ও জনপথ এবং বাংলাদেশ রেলওয়ের জমি বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য মাহমুদুল হক রুবেলকে আহবায়ক করে তিন সদস্যের আরও একটি উপ কমিটি গত বছর ১৪ ফেব্র“য়ারি গঠন করা হয়। কিন্তু এই উপ কমিটিও এর তদন্ত রিপোর্ট জমা দেয়নি।
শনিবার বৈঠকে অন্যন্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
