২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের গণমুখী প্রকল্পের কারণে গ্রামাঞ্চলে কর্মচাঞ্চল্য সৃষ্টি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় সংসদে বলেছেন, সরকারের বিভিন্ন গণমুখী প্রকল্পের কারণে গ্রামাঞ্চলে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কমেছে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে বুধবার সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, আমরা পুরোপুরি দারিদ্র  দূর করতে পারবো তা বলি না, তবে সকলের সহযোগিতা পেলে দারিদ্র অনেকটাই কমিয়ে আনতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সাপ্তাতাহিক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্প ও কোটামুক্ত বিশ্ব পরিস্থিতিতে সরকারের গৃহিত পদক্ষেপ, ভূমিহীন দরিদ্র জনসাধারণের কল্যাণে পদক্ষেপ, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য, খাদ্য সংকট মোকাবেলা এবং পাট শিওেল্পর ওপর সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, চারদলীয় জোট সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে। এরফলে গ্রামাঞ্চলে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ফিরে এসেছে ব্যাপক কর্মচাঞ্চল্য। ফলে মানুষের অবস্থারও উন্নতি হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী এক সম্পুরক প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত দু’টি ইসলামী জঙ্গী সংগঠন সম্পর্কে জানতে চান। তিনি জানতে চান, যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গী সংগঠন দু’টিকে নিষিদ্ধ করা  হলো, তাদের সরকার পুরস্কৃত করবে কি না। এছাড়া আগে যে সব গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সরকার কোনও জঙ্গী সংগঠনের কথা অস্বীকার করে এসেছে তাদের শাস্তি দেওয়া হবে কি নাÑতিনি তা-ও জানতে চান।

এ সময় স্পীকার জমির উদ্দিন সরকার বলেন, বিষয়টি অপ্রাসঙ্গিক।

প্রধানমন্ত্রী বলেন, আমি এ প্রশ্নের উত্তর দেব আমার সমাপনী ভাষণে।

জামাতের সদস্য আবু সাঈদ মোহম্মদ শাহাদৎ হুসাইনের কোটমুক্ত বিশ্ব বাজারের পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহিত পরিকল্পনা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে ন্যাশনাল কো-অর্ডিনেশন কাউন্সিল গঠন, ঋণ পুন:তফশিলীকরণ, পণ্য খালাস প্রক্রিয়া সহজীকরণ, ইউটিলিটির বিল মওকুফ, বীমা প্রিমিয়াম হ্রাস এবং পোস্ট এমএফএ অ্যাকশন প্রোগ্রাম গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় হবে।