২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় পাইপলাইনের শর্ত চূড়ান্তকরণে আন্ত:মন্ত্রণালয় কমিটি হচ্ছে

ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন নির্মাণে বাংলাদেশের প্রস্তাবিত শর্ত চূড়ান্ত করতে আন্ত:মন্ত্রণালয় কাজ শুরু করার জন্যে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

মায়ানমার-বাংলাদেশ-ভারত ত্রিদেশীয় পাইপলাইন নির্মাণের জন্যে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষরের আগেই তিনটি শর্ত পূরণে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সুর্নিদিষ্ট প্রস্তাব দেওয়া হবে।

বুধবার জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এমপি বিডিনিউজের কাছে এই তথ্য প্রকাশ করে বলেন, সম্প্রতি ইয়াঙ্গুনে অনুষ্ঠিত টেকনোকমার্শিয়াল কমিটির বৈঠকে খসড়া এমওইউ অনুমোদনকালে ভারত শর্ত পূরণে বাংলাদেশের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে।

ত্রিদেশীয় পাইপলাইন নির্মাণের রাইট অফ ওয়ে দেওয়ার শর্ত হিসেবে বাংলাদেশ ভারতের কাছ থেকে ট্রানজিট সুবিধা চায়। এরমাধ্যমে বাংলাদেশ নেপাল ও ভুটানে পণ্য পরিবহন  এবং ওই দুই দেশ থেকে জলবিদ্যুৎ আমদানীর সুবিধা পাবে। শর্ত হিসেবে বাংলাদেশ ভারতের সঙ্গে বানিজ্য বৈষম্য কমিয়ে আনতে চায়।

প্রতিমন্ত্রী জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এই বিষয়গুলো চুড়ান্ত করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ শুরু করবে।

জানা গেছে, এমওইউ স্বাক্ষরের আগেই এই বিষয়গুলো চুড়ান্ত করা হবে। পরে তা কি ভাবে এবং কত দিনের মধ্যে ভারত বাস্তবায়ন করবে সেটা এমওইউ এর অংশ হিসেবে যুক্ত করা হবে।

মার্চের শেষে এমওইউ স্বাক্ষর হতে পারে এই মর্মে ভারতের জ্বালানি মন্ত্রী মনি শংকর আয়ারের প্রেসকে দেওয়া প্রতিক্রিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই সময় এমওইউ স্বাক্ষর হবে বলে মনে হয় না। এর জন্যে আরো সময় লাগবে।’

তবে কখন এটা স্বাক্ষর হতে পারে তা নিয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।