২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার উপকন্ঠে এবার একটি 'নিউ সিটি' গড়ার পরিকল্পনা

রাজধানীর জনসংখ্যা, আবাসন ও পরিবহন চাপ কমাতে ঢাকার আশে-পাশের এলাকা সরকার ‘নিউ সিটি’ নামে আরও একটি নতুন শহর তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত এই নগরী দেশের উন্নয়ন সম্ভবনাকে নিশ্চিত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

এ বিষয়ে ওয়াকিবহাল ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, এক কোটিরও বেশী জনসংখ্যার চাপে পিষ্ট রাজধানী এখন ধুঁকছে। নিত্যদিনের যানজট সমস্যার কারণে নষ্ট হচ্ছে অসংখ্য মূল্যবান কর্মঘন্টা। এছাড়া মাদক ব্যবসা, খুন-খারাবিসহ বিভিন্ন ধরনের আপকর্ম লেগেই আছে।

তিনি বলেন, এসব সামাাল দিতে বহু বছর ধরে সরকার পক্ষ সব সময়ই হিমসিম খাচ্ছে। তাই সমস্যা সমাধানে তথা ঢাকার ওপর সব ধরণের বাড়তি চাপ কমাতে ‘নিউ সিটি’ বা নতুন শহর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, এরই মধ্যে ভুমি মন্ত্রণালয় ওই ‘নিউ সিটি’র স্থান নির্বাচনের জন্য ঢাকার উত্তরাংশে সাভারে ও গাজীপুরে জমির খোঁজ করছে।

জানা যায়, ভুমি মন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয় যৌথভাবে  ওই নতুন শহর তৈরির কাজ সম্পন্ন করবে। এ জন্য শিগগিরই নেওয়া হবে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এই প্রস্তাবিত প্রকল্প গৃহিত হলে এটি বাস্তবায়নে অধিকাংশ অর্থের যোগন দেবে সরকার।

বর্তমানে রাজধানীতে এক কোটিরও বেশী লোকের বসবাস। প্রতিদিন রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল, মিটিং লেগেই আছে।

এছাড়া সরকারি অফিসে বিভিন্ন কাজে প্রতিদিন লক্ষাধিক লোক যাতায়াত করে। প্রতিদিন নগরীতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজটে জনজীবন অসহনীয় হয়ে পড়ে। সময় ও অর্থের অপচয় তো হচ্ছেই ।

অদক্ষ নগর ব্যবস্থাপনা বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও একটি বড় ধরনের প্রতিবন্ধক।

জানা গেছে, নতুন শহর তৈরি হলে সেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রায় শতাধিক অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ সকল স্থাপনা স্থানান্তর করা সম্ভব হবে।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, আশা করা যায়, এর ফলে রাজধানীতে জনসংখ্যার চাপ কমবে, শহরের পরিবেশ উন্নত হবে এবং বিদেশী বিনিয়োগ বাড়বে ।

তিনি জানান, ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটাতে বিভিন্ন উন্নত দেশের মত নতুন রাজধানীতে কেবল বাণিজ্যিক স্থাপনা রাখা হবে।

তিনি আরও জানান, এছাড়া সরকার মধ্যবিত্তের আবাসন সমস্যা মেটাতে শিগগিরই ঢাকার উপকন্ঠে গড়ে তুলবে পাঁচটি উপ-শহর।