ফরিদপুরে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি, ১ শিশুর মৃত্যু, আপডেট
ফরিদপুরে ডায়রিয়ার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার এক শিশুর মৃত্যু হয়েছে এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে আরও ৪৭ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই হাসপাতালে এ পর্যন্ত ৩২০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয় । এর মধ্যে ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০০।
এদিকে রিপন (৯) নামে এক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মারা গেছে। নিহত রিপন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আঁকন চরপাড়া গ্রামের ইউসুফ মোল্লার পুত্র।
ফরিদপুর শহরে ২৩ ডিসেম্বর হঠাৎ ব্যাপক হারে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। পৌরসভার পানি থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
তবে ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথু পৌরসভার সরবরাহকৃত পানি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছেন। এ ব্যাপারে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা ভবনে এক সংবাদ সম্মেলন আহ্বান করেন।
