২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় দুটি মামলা দায়ের

কুষ্টিয়ায় অবৈধ আখ মাড়াই মেশিন জব্দ অভিযানকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষে হতাহতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে পুলিশের গুলিতে তিন জন নিহত ও পুলিশসহ ৩০ জন আহত হয়। বুধবার দুপুর ১ টার দিকে কুস্টিয়া চিনিকলের মিল জোন এলাকায় এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের দক্ষিণ ভুরকাপারা গ্রামে ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধ আখ মাড়াই কল জব্দ অভিযানে গেলে স্থানীয় আখ চাষী ও গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়ে হামলা চালায়। এসময় বিক্ষুব্ধ জনতাকে নিবৃত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ম্যাজিস্ট্রেট পুলিশকে গুলিবর্ষণের নির্দেশ দেয়।

পুলিশের গুলিতে নিহতরা হলেন, স্কুলছাত্র রতন, কৃষক আজম ও মিজানুর রহমান। এঘটনায় আহত ম্যাজিস্ট্রেট পুলিশ এবং গ্রামবাসীকে কুস্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরাকায় উত্তেজনা বিরাজ করছে। উদ্বিগ্ন গ্রামবাসী অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছে।

ঘটনার পর থানায় বুধবার রাতে কুষ্টিয়া চিনিকলের পক্ষে হাবিবুর রহমান বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ সহ প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দুটিতে সরকারি কাজে বাধাদান এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুস্টিয়া-১ আসনের বিএনপি সাংসদ রেজা আহমেদ বাচ্চু, জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরী, পুলিশ সুপার মাসুদ-উল-হাসান এবং চিনি কলের উর্দ্ধতন কর্মকর্তা ভুরকাপারা পরিদর্শন করেছেন।