খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল ৩ মাস ধরে চিকিৎসক বিহীন
খাগড়াছড়ির জেলার একমাত্র সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক গত তিন মাস ধরে উচ্চতর প্রশিক্ষণের জন্য জেলার বাইরে থাকায় হাসপাতালটি চিকিৎসক বিহীন হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জেলার বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা মা ও শিশু রোগীরা বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ নিখিল চন্দ্র বড়–য়া বিডিনিউজকে জানান, মা ও শিশু কেন্দ্রের দুই চিকিৎসক ডা. আশুতোষ চাকমা (এফসিপিএস) ও ডা. সুভাষ বসু উচ্চতর প্রশিক্ষণের জন্য জেলার বাইরে আছেন। আর এ কারণে হাসপাতালের প্রায় পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
জেলার বাইরে থাকা হাসপাতালে চিকিৎসকরা কবে ফিরে আসবেন তিনি তা জানাতে পারেননি।
বর্তমানে মানিকছড়ি এম ও ক্লিনিকের চিকিৎসক উসচই মারমা সপ্তাহে একদিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আগত রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
হাসপাতালের পক্ষ থেকে বহির্বিভাগে আসা রোগীদের জন্য কোন সেবাই দেয়া হচ্ছে না। উপরন্তু, বেশিরভাগ ক্ষেত্রে দশ বেডের হাসপাতালটিতে ভর্তি না হওয়ার জন্য রোগীদের উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা বর্তমানে প্রসূতি রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আশুতোষ চাকমা (এফসিপিএস) প্রশিক্ষণের জন্য দুই বছর এবং ডাঃ সুভাষ বসু (এনস্থেসিয়া) এক বছরের প্রশিক্ষণের জন্য জেলার বাইরে রয়েছেন। একারণে গত তিন মাস যাবৎ জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোন চিকিৎসক নেই।
চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, চিকিৎসক না থাকায় অসুস্থ শিশু ও মহিলারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, চিকিৎসা কেন্দ্র্রে ডাক্তার না থাকায় জেলা সদর হাসপাতালে রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে।
এ অবস্থা অব্যাহত থাকলে রোগীরা বিনা চিকিৎসায় অকালে প্রাণ হারাতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছেন।
