মিরপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু, প্রতিবাদ বিক্ষোভ, ভাংচুর
মিরপুরে বন্দুকধারীদের গুলিতে আহত ব্যবসায়ী নেতা আফতাব উদ্দিন বুধবার হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর পর মিরপুরের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
সন্ধ্যা ৬টায় আফতাবের মৃত্যুর খবর মিরপুরে পৌঁছলে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসে সড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকালে তারা কমপক্ষে ১০টি গাড়ি ভাংচুর করে এবং কয়েক ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে।
বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৫ ডিসেম্বর মিরপুরের ২ নম্বরের ডি ব্লকের নিজ বাসভবনের সামনেই অজ্ঞাত দুস্কৃতকারীরা মিরপুরের মুক্ত বাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে গুলি করে আহত করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে শমরিতা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার তিনি মারা যান।
