২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি-ঢাকা সরাসরি সংলাপ অবশ্যই অনুষ্ঠিত হবে: বীণা সিক্রি

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বলেছেন, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে বিঘœ সৃষ্টিকারী সমস্যাগুলোর সমাধান কেবল আন্তরিক সংলাপের মাধ্যমেই সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

‘রেডিফ ইন্ডিয়া অ্যাব্রোয়েড’র সাথে এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, দু’ দেশের মধ্যে বিরাজমান সমস্যার সমাধানে দু’ পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমান সদিচ্ছা থাকতে হবে। এ জন্য মিডিয়ার মাধ্যমে নয় বরং দু’ পক্ষের মধ্যে সরাসরি সক্রিয় ও অবাধ সংলাপ অনুষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে দু’ দেশের মধ্যকার অসম বাণিজ্যের বিষয়টি কোনও সমস্যাই নয়।

বীণা সিক্রি বলেন, এটি একটি সমস্যার সৃষ্টি করছে ঠিকই, তবে এটি আসল সমস্যা নয়। আমরা বাংলাদেশের উদ্বেগের বিষয়টা বুঝি এবং আমরা খুব আন্তরিকভাবেই বাংলাদেশকে আলোচনায় বসার ব্যাপারে প্রস্তাব দিয়েছি। আলোচনাকে আমরা সাধুবাদ জানাব। কিন্তু দু’ দেশের মধ্যকার ইস্যুগুলোকে রাজনৈতিক করে তুলে, একটি উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করে অত্যন্ত জটিল করে তোলা হয়েছে।

ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক এফটিএ চুক্তি বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলে তিনি জানান।

এ ব্যাপারে তিনি আরও জানান, এফটিএ নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হোক বা না হোক, বাংলাদেশ ভারতের বাজারে প্রবেশের জন্য একটি নীতিমালা প্রয়োজন।

সবকিছুকেই প্রায়োগিক বিষয় হিসেবে উল্লেখ করেন বীণা সিক্রি। বাংলাদেশের সাথে নিবিড় বাণিজ্যিক সংলাপের মাধ্যমে এসবের সমাধান খুঁজে বের করার পক্ষে মতামত ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ থেকে গ্যাস আমদানির ব্যাপারে প্রশ্ন করা হলে বীণা সিক্রি জানান, বাংলাদেশ থেকে গ্যাস আমদানির ব্যাপারে আমরা সবসময়ই প্রস্তুত এবং আগ্রহী। কিন্তু বিষয়টি বেশ রাজনৈতিক হয়ে উঠেছে। তাই এটি এখন আর আলোচনায় নেই।

বাংলাদেশের চীনের বাণিজ্যিক ঘাটতির পরিমাণ ভারতের চেয়ে কোনও অংশে কম নয়। কোনও কোনও ক্ষেত্রে তা ভারতের চেয়েও বেশি বলে বীণা সিক্রি উল্লেখ করেন।