নারায়ণগঞ্জে বাংলা ভাইয়ের খোঁজে র্যাবের অভিযান
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার র্যাব সদস্যরা দীর্ঘ সাত ঘন্টা তল্লাশী অভিযান চালিয়েছে।
এলাকাবাসী জানায়, অভিযানকালে র্যাব সদস্যরা উপজেলার তারাব ও রূপসী এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বাসায় ব্যাপক তল্লাশী চালায়। এসময় র্যাব কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসী ও র্যাব সূত্র জানায়, জেএমবির সেকেন্ড ইন কমান্ড রূপগঞ্জে অবস্থান করছে বলে র্যাবকে একটি সূত্র জানায়। বুধবার সে (বাংলাভাই) রূপসী এলাকার মোল্লা বাড়ি মসজিদে ফজরের নামাজ আদায় করেছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার সকাল ৮টা থেকে তারাব ও রূপসী এলাকায় ব্যাপক তল্লাশী চালায়। টানা ৭ ঘন্টা তল্লাশীর সময় এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা দেখা দেয়।
র্যাব এ তল্লাশীর কথা স্বীকার করেছে।
