২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র হুমকি এবং প্রধানমন্ত্রী ও জামাতের ভাষা একই: আ.লীগ

আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, জনবিচ্ছিন্ন জোট সরকার ভোট কারচুপি করতে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওপর জেএমবি’র মতো আতœঘাতী হামলাকারী সন্ত্রাসীদের দিয়ে বোমা ও গ্রেনেড হামলা চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 03:07 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এরই অংশ হিসেবে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি এবং প্রধানমন্ত্রী, বিএনপি ও জামাতের ভাষা একই। এর দায়দায়িত্ব অবশ্যই প্রধানমন্ত্রী এবং জামাতকে নিতে হবে। 

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, দেশে যতো বোমা ও গ্রেনেড হামলা হচ্ছে, তার সবই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওপর। বিএনপি কিংবা জামাত এর শিকার হয়না। এতেই প্রমাণিত হয় হামলাকারী কারা।

সুরঞ্জিত সেনগুপ্ত এমপি তার জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বলেন, ইতোমধ্যে আমাকে তিনবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু একজন সংসদ সদস্য হিসেবে সংসদীয় তদন্ত কমিটি দিয়ে তদন্তের জন্যে স্পিকারকে অনুরোধ জানানোর পরও কোনও ফল পাইনি। নিরাপত্তার নামে যে গানম্যান দেওয়া হয়েছে, তার কাছে নেই কোনও ওয়্যারলেস সেট। এ অবস্থায় সকল দায় দায়িত্ব অবশ্যই প্রধানমন্ত্রীকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও তানজিম আহমেদ সোহেল তাজ এমপি উপস্থিত ছিলেন।

সম্প্রতি সুনামগঞ্জের দিরাই--শাল্লা নির্বাচনী এলাকার টিএনও এবং দিরাইয়ের করিমপুর ইউপি চেয়ারম্যানের কাছে জেএমবি পরিচয় দিয়ে পাঠানো পৃথক দু’টি চিঠিতে স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়।