ঐতিহাসিক রায়, সনদ বিতর্ক, আদালত বর্জন ছিলো ২০০৫ সালে সুপ্রিম কোর্টের আলোচিত ঘটনা
যুগান্তকারী কিছু রায়সহ বেশ কয়েকটি ঘটনার জন্যে ২০০৫ সালে বির্তক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আদালত পাড়ায় এ বছরের সেরা ঘটনা ছিলো কয়েকটি ঐতিহাসিক রায়, একজন বিচারকের সনদ নিয়ে বিতর্ক, বিচারকের এজলাসে গোয়েন্দা কর্মকর্তাদের জোরপূর্বক প্রবেশ, আইনজীবীদের আদালত বর্জন ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ।
উচ্চ পর্যায়ের কয়েকজন আমলার সুপ্রিম কোর্টের রায়ের বিকৃতি এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ও করজোড়ে দাড়িযে থাকা, আদালত পাড়ায় বোমা হামলাসহ বিভিন্ন ঘটনাই স্মরণীয় করে রাখবে বছরটিকে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) এ বছরকে বিচার বিভাগের জন্যে সংকটময় বর্ষ হিসেবে উল্লেখ করেন।
এসসিবিএ সাধারণ সম্পাদক এম ইনায়েতুর রহিম মঙ্গলবার বিডিনিউজকে বলেন, ২০০৫ সালে হাইকোর্ট বেশ কিছু ঐতিহাসিক রায় প্রদান করা সত্ত্বেও আদালত প্রাঙ্গণে বেশ কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বিভিন্নভাবে বিচার বিভাগকে আক্রমন করা হচ্ছে। এ বছর বোমা হামলায় দুজন বিচারক ও বেশ কয়েকজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। হাইকোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রাজনৈতিক বিবেচনা লোক নিয়োগের মাধ্যমে সরকার বিচার বিভাগকে ধ্বংস করার চেষ্টা করছে।
এসসিবিএ সাধারণ সম্পাদক আরও বলেন, বিচার বিভাগ পৃথকীকরণে সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে সময় চাওয়ার আবেদন আদালত খারিজ করার পরও সরকার নির্দেশ বাস্তবায়ন করছে না বরং অব্যহতভাবে আদালত অবমাননা করে চলেছে।
হাইকোর্ট ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী এবং অসাংবিধানিকভাবে খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণকে অবৈধ ঘোষণা করে একটি ঐতিহাসিক রায় দেন।
ওইদিন মধ্যরাতেই সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করেন। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করার আদেশ দেন। পরে সুপ্রিম কোর্ট ৩১ আগস্ট হাইকোর্টের এ রায় দুই মাসের জন্যে স্থগিত করেন। পরবর্তীতে ৩১ অক্টোবরে এ সময়সীমা আরও দুই মাস বর্ধিত করেন সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের এ রায় প্রদানের পর ৩০ আগস্ট বিচারকাজ চলার সময় গোয়েন্দা সংস্থার দুজন সদস্য অবৈধভাবে বিচারপতি এবিএম খায়রুল হকের এজলাসে প্রবেশ করে তাকে জোরপূর্বক তাদের সাথে কথা বলতে বাধ্য করে। প্রসঙ্গত, বিচারপতি এবিএম খায়রুল হকই সংবিধানের পঞ্চম সংবিধান এবং সামরিক শাসকদের ক্ষমতাগ্রহণকে অবৈধ ঘোষণা করে রায় দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের পদক্ষেপে দেশব্যাপী আইনজীবীরা কঠোর সমালোচনা করেন। এসময় বিরোধী দল সমর্থক আইনজীবীরা সরকারের এ পদক্ষেপের প্রতিবাদ ও নিন্দা জানায়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সরকার আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।
হাইকোর্ট ২৩ মে আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি ও বার কাউন্সিলসহ আইনজীবীদের সকল সংগঠনের বিক্ষোভ কর্মসূচি, সভা, সমাবেশ, মিছিল ও আদালত বর্জন নিষিদ্ধ করে একটি সুয়োমোটো রুল জারি করেন।
২০ অক্টোবর সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় চাইলে আদালত তা নাকচ করে দেন।
একই সাথে আদালত অবমাননার অভিযোগ থেকে নয়জন আমলার নাম বাদ দেওয়ার আবেদনও নাকচ করে দেন সুপ্রিম কোর্ট।
তবে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত এ মামলার রায় বিকৃত করার দায়ে আপিল বিভাগ আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত এ নয় আমলাকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত আবেদন শুনানির তারিখ ধার্য করেন ২০০৬ সালের ১ ফেব্র“য়ারি।
এ ব্যাপারে অ্যাডভোকেট এনায়েত বলেন, সরকার সুপ্রিম কোর্টের এ আদেশ বাস্তবায়ন না করে আদালতের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
হাইকোর্ট ডিভিশনের সাবেক অস্থায়ী বিচারক অ্যাডভোকেট আবদুস সালাম মামুন ৯ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসাইনের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
কিন্তু হাইকোর্ট ১৭ এপ্রিল এ রিট আবেদনটি খারিজ করে দেন।
হাইকোর্ট ১১ জুন একই সাথে আপিল বিভাগের বিচারকের পদ এবং প্রধান নির্বাচন কমিশনার পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর জন্যে সিইসি বিচারপতি এম এ আজিজের প্রতি একটি রুল জারি করেন।
কিন্তু হাইকোর্টের সেংশ্লিষ্ট বেঞ্চ ভেঙ্গে দেয়ায় এ রুলের শুনানি এখনও অনুষ্ঠিত হয়নি।
হাইকোর্ট ২১ মার্চ বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজীর এলএলবি সনদকে ‘জাল’ উল্লেখ করে ‘মিথ্যা’ সংবাদ প্রকাশ করার দায়ে দৈনিক প্রথমআলো ও ভোরের কাগজের সম্পাদক ও প্রশাসক এবং এ দু’টি পত্রিকার তিনজন প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।
আদালত এসময় সংবাদ মাধ্যমের জন্যে কিছু বিধিনিশেধ আরোপ করেন। এতে বলা হয়, সাংবাদিকরা সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে সরাসরি বা ফোনে কোনও আলাপ করতে পারবেন না। তবে দরকার হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অনুমতি সাপেক্ষে বিচারকদের সাথে যোগাযোগ করতে পারবের বলে এতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, সাংবাদিকরা বিচার বিভাগ সংক্রান্ত, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক সম্পর্কিত কোনও সংবাদ স্পর্শকাতরভাবে প্রকাশ করতে পারবেন না।
২৫ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিল ‘ভুয়া’ তথ্য দিয়ে সনদ নেওয়ার জন্যে বিচারপতি ফায়েজীর আইনজীবী সনদ বাতিল করেন। তবে হাইকোর্ট বার কাউন্সিলের এ পদক্ষেপ স্থগিত করেন।
বাংলাদেশের তৎকালীন অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ ২৮ এপ্রিল পদত্যাগ করেন। আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বিডিনিউজকে বলেছিলেন যে, এএফ হাসান আরিফ শারীরিক অসুস্থ্যতার কারণে পদত্যাগ করেছেন। পরবর্তীতে তৎকালীন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে ২ মে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়।
আইনজীবীদের আন্দোলন সম্পর্কে কটূক্তি করায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ১৭ মে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সহযোগী সদস্যপদ বাতিল করে।
হাইকোর্ট সম্প্রতি দুর্নীতি দমন কমিশন গঠন এবং সেখানে মনিরুদ্দিন আহমেদ ও অধ্যাপক মনিরুজ্জামান মিঞার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপাারে কারণ দর্শানোর জন্যে সরকার এবং দুর্নীতি দমন কমিশনের ওই দুই সদস্যের প্রতি পৃথক রুল জারি করেন।
হাইকোর্ট ৩০ নভেম্বর প্রতি দুই সপ্তাহ অন্তর দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে ১৭ আগস্টের পর থেকে যত বোমা হামলার ঘটনা ঘটেছে তার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানাতে সরকারকে নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের এ রায় বহাল রাখেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২৯ নভেম্বর সংঘঠিত চট্টগ্রাম ও গাজীপুরে জেএমবির বোমা হামলার প্রতিবাদে ১ ডিসেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালন করেন।
