২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএটিসির পরিবেশক অফিসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পনির (বিএটিসি) চট্টগ্রামের পরিবেশক ম্যাক্রো হান্টসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত তিন আনসার সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম মোকছেদুর রহমান পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া তিন আনসার সদস্য হচ্ছে মোতালেব, হেলাল ও মিলন।

ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘটনার রাতেই ওই প্রতিষ্ঠনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছয় আনসার সদস্যকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা পুলিশ তিনজনকে ছেড়ে দেয়। আর মোতালেব, হেলাল ও মিলনকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় বেশকটি অভিযান চালালেও এখন পর্যন্ত লুন্ঠিত টাকা ও মালামাল উদ্ধার কিংবা কোনো ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি।

শুক্রবার মধ্যরাতে নগরীর  ওয়াসার মোড়ে অবস্থিত বিএটিসির পরিবেশক ম্যাক্রো হান্টস অফিসে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে নগদ ৬৭ লাখ ১৮ হাজার ৯০৬ টাকা ও অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।

এ ঘটনায় ম্যাক্রো হান্টসের জেনারেল ম্যানেজার নিখিল শিকদার বাদি হয়ে খুলশী থানায় শনিবার একটি মামলা করেন।