বাংলাভাইয়ের সহযোগী অধ্যাপক লুৎফর ৫ দিনের পুলিশ রিমান্ডে
বাংলাভাইয়ের উপদেষ্টা ও জামাতে ইসলামীর কর্মী অধ্যাপক লুৎফর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বাংলা ভাই বাহিনীর হাতে নিহত গোলাম রাব্বানী মুকুল হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ।
মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে লুৎফর রহমানকে আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গনে লুৎফর রহমানের আত্মীয়--স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তার ছেলে রেজোয়ানুর সাংবাদিকদের জানান, বাগমারা এলাকায় শান্তি বজায় রাখার জন্যে তার বাবা বাংলাভাইয়ের অভিযানে অংশ নেয়।
বাগমারা পুলিশ সোমবার শিকদারী বাজার এলাকা থেকে লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।
এদিকে জঙ্গি তৎপরতা বা বোমা হামলার ঘটনায় অধ্যাপক লুৎফর রহমানকে আসামি না করায় ১৪ দলের নেতৃবৃন্দ এ গ্রেপ্তারকে আইওয়াশ হিসেবে চিহিৃত করেছে।
১৪ দলের কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন বাংলাভাইয়ের অপারেশনের সময় বাগমারায় সংঘটিত হত্যাকাণ্ডগুলোতে অধ্যাপক লুৎফর নেন। তাদের নির্যাতনে অনেকে সারা জীবনের জন্যে পঙ্গু হয়ে গেছে।
আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক লুৎফর রহমানের বাড়ি বাগমারার মাঝগ্রামে।
অধ্যাপক লুৎফর রহমান নব্বই দশক পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারপর থেকে তিনি জামাতের রাজনীতির সঙ্গে সক্রিয়। স্থানীয় পর্যায়ে জামাতের কোনো কমিটির পদে না থাকলেও তিনি এলাকায় জামাতে ইসলামীর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল বাংলাভাইয়ের কার্যক্রম শুরু হওয়ার পর তিনি তার সার্বক্ষণিক সঙ্গি হন। তিনি জেএমবির বিভিন্ন শালিসের অন্যতম বিচারক ছিলেন। বাংলাভাই বাগমারা এলাকা ত্যাগ করার পরও অধ্যাপক লুৎফর রহমান প্রকাশ্যে জেএমবির কর্মকাণ্ড চালিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, চারদলীয় জোট নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পুলিশ তাকে আটক করেনি।
উল্লেখ্য, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর কিছুদিনের জন্যে গা-ঢাকা দিয়েছিলেন লুৎফর রহমান। কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি বাগমারায় ফিরে এসে গোপনে ইসলামী ছাত্র শিবির ও জেএমবি’র ক্যাডারদের সংঘটিত করা শুরু করেন।
