শ্রমিকদের জন্যে পাসপোর্ট ও ট্রাভেল ফি কমানোর দাবি
শ্রমিকদের জন্যে পাসপোর্ট এবং ট্রাভেল ফি কমানোর দাবি জানানো হয়েছে। ব্র্যাক অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইউনিট আয়োজিত নিরাপদ ‘অভিবাসিদের বর্তমান এবং ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মঙ্গলবার অলোচকরা এ দাবি জানান।
বৈঠকে জানানো হয়, অভিবাসিদের কল্যাণে কাজ করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে ব্র্যাক।
এ পরিকল্পনার আওতায় ব্র্যাক বিদেশ যেতে ইচ্ছুকদের মধ্যে জনসচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে শিক্ষণীয় ভিডিও চিত্র দেখাবে।
ভিডিও চিত্রে থাকবে বিদেশ যাওয়ার আগে একজন শ্রমিকের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা--নিরীক্ষা, ওয়ার্ক পারমিট যাচাই করতে কোথায় কার সাথে যোগাযোগ করতে হবে-- এসকল বিষয়। এছাড়া বিদেশ যাওয়ার পর তার ওয়ার্ক পারমিট অনুযায়ী বেতন--ভাতা বা অন্যান্য সুবিধাবঞ্চিত হলে কাদের সাহায্য নিতে হবে-- এসকল বিষয়ও এতে উল্লেখ থাকবে।
ব্র্যাক সেন্টার ইন--এ আয়োজিত গোলটেবিল আলোচনায় ব্র্যাক অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইউনিট--এর পরিচালক আফসান চৌধুরী এবং আভিবাসিদের উন্নয়নে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
