২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএটিসি ডাকাতি মামলায় পুলিশ কোনও ক্লু উদ্ধার করতে পারেনি

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পনির (বিএটিসি) চট্টগ্রামের পরিবেশক ম্যাক্রো হান্টসে ডাকাতির ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার কোন ক্লু উদ্ধার করতে না পারায় গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিচ্ছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ সোমবার পর্যন্ত লুন্ঠিত টাকা ও মালামাল উদ্ধার কিংবা কোনো ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি।

তবে ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত টাকা উদ্ধারে পুলিশ নগরীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান চালালেও তা কার্যত ব্যর্থ হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন  আনসার সদস্যদের ১০ দিনের রিমান্ডের জন্য মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন জানানো হবে বলে  মামলার তদন্তকারী কর্মকর্তা  খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নজরুল ইসলাম বিডিনিউজকে জানিয়েছেন।

ডাকাতির সাথে জড়িত সন্দেহে পুলিশ ঘটনার রাতেই ওই প্রতিষ্ঠনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছয় আনসার সদস্যকে গ্রেপ্তার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা পুলিশ তিনজনকে ছেড়ে দেয়। বাকি তিনজন মোতালেব, হেলাল ও মিলনকে ঘটনার সাথে জড়িত  সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে রহস্যজনক এ ডাকাতির সাথে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সংশ্লিষ্টতা থাকায় মামলার অগ্রগতি এবং ভবিষ্যত নিয়ে আশংকা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিবেশক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। 

শুক্রবার মধ্যরাতে নগরীর  ওয়াসার মোড়ে অবস্থিত বিএটিসির পরিবেশক ম্যাক্রো হান্টস অফিসে ২০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে নগদ ৬৭ লাখ ১৮ হাজার ৯০৬ টাকা ও অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।

এ ঘটনায় ম্যাক্রো হান্টসের জেনারেল ম্যানেজার নিখিল শিকদার বাদি হয়ে খুলশী থানায় শনিবার একটি মামলা করেন।