বাণিজ্য মেলা প্রাঙ্গণে পটকা বিস্ফোরণ
কড়া নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে রোববার বিকেলে মেলার গেটের সামনে পটকা ছুঁড়ে মেরেছে অজ্ঞাত দু®কৃতকারীরা। এতে দু’জন আহত হয়। এসময় মেলার দর্শক ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
আহতরা পারভেজ (২২) ও আবু নসরকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম একে সাধারণ ছিনতাইয়ের ঘটনা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, এ বিস্ফোরণের সাথে জেএমবি বা জঙ্গিদের কোনও যোগসূত্র নেই। ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা জিয়া উদ্যানের কাছে পটকার বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের শব্দ শুনে শত শত দর্শক হতচকিত হয়ে যায় এবং এদিক সেদিক ছুটোছুটি শুর করে।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, আবার জঙ্গি হামলা হয়েছে মনে করে মেলায় আগত মহিলা ও শিশুরা কান্নাকাটি শুরু করে।
পারভেজের এক আত্মীয় সাংবাদিকদের জানান, পারভেজ মিরপুরের মধ্য পাইকপাড়ায় তার চাচার বাসার বেড়াতে আসে এবং তাদের সাথে মেলায় যায়।
পারভেজ মাগুরা জেলার গোলাম মাওলার পুত্র এবং একই জেলার শিবরামপুর সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্র।
অপর আহত আবু নসর মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা কাশেম মিয়ার পুত্র। সে একজন ভ্রাম্যমান চা বিক্রেতা।
ঘটনাস্থলে র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
