২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ এ মোবাইল ফোন খাতে প্রবৃদ্ধির হার ১৪৪ শতাংশ

২০০৫ সালে দেশের মোবাইল ফোন খাতে ১৪৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০০৪ সালের ডিসেম্বরে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৩ দশমিক ৮৫ মিলিয়ন, চলতি বছর ডিসেম্বরে এ সংখ্যা ৯ দশমিক ৪ মিলিয়নে উন্নীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মার্কেট সূত্রে জানা যায়, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা অন্য যেকোনও সময়ের চেয়ে সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ায় এ সময়ে মোবাইল এর ঘনত্ব ২ দশমিক ৭৫ থেকে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

তীব্র প্রতিযোগিতার কারণে মোবাইল ফোন কোম্পানিগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলেও তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করায় মোট জনসংখ্যার ৯০ শতাংশই এখন নেটওয়ার্ক কাভারেজের আওতায় রয়েছে। মোবাইল কোম্পানিগুলো আশা করছে আগামী বছর মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ১৮ মিলিয়নে পৌঁছবে।

গ্রামীণফোনের মহাব্যবস্থাপক সৈয়দ ইয়ামিন বখ্ত জানান, ২০০৪ সালের ডিসেম্বরে তাদের গ্রাহক ছিলো দুই দশমিক ৪ মিলিয়ন। কিন্তু এ বছর ডিসেম্বরে তাদের গ্রাহক সংখ্যা পাঁচ মিলিয়নে পৌঁছেছে এবং এর মাধ্যমে তারা ৬০ শতাংশ বাজার দখল করেছেন বলে তিনি জানান।

এ সময়ে গ্রাহক সংখ্যা ১ দশমিক ১ মিলিয়ন থেকে ২ দশমিক ৬ মিলিয়নে উন্নীত করার মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে একটেল।

একটেলের সত্ত্বাধিকারী টিএম ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের পরিচালক ফজলুর রহমান বিডিনিউজকে বলেন, এ বছর তাদের লক্ষ্য ছিলো গ্রাহক সংখ্যা তিন মিলিয়ন করা। এ লক্ষ্য এখনও অর্জিত না হলেও কিছুদিনের মধ্যেই পূরণ হবে বলে তিনি জানান।

এদিকে মিশরীয় কোম্পানি ওরাসকম বছর খানেক আগে সেবা টেলিকম কিনে নিয়ে বাংলালিংক নামে তৃতীয় স্থান দখলে রেখেছে।

৩০ হাজার গ্রাহক নিয়ে যাত্রা শুরু করে এ কোম্পানিটি চলতি মাস পর্যন্ত ১ দশমিক ১ মিলিয়ন গ্রাহক টানতে সক্ষম হয়েছে বলে জানান বাংলালিংকের এক কর্মকর্তা।

তবে প্রথম মোবাইল ফোন কোম্পানি হলেও প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে সিটিসেলের সত্ত্বাধিকারী প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। এ বছর আগের তৃতীয় স্থান থেকে তারা এবার চতুর্থ স্থানে নেমে এসেছে।

সিটিসেলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ বিডিনিউজকে বলেন, এক বছর আগে তাদের গ্রাহক ছিলো সাড়ে তিন লাখ। বর্তমানে এ সংখ্যা পাঁচ লাখে উন্নীত হয়েছে।

রাষ্ট্রায়াত্ত টেলিটক রয়েছে সবশেষে। চলতি বছরের মার্চে যাত্রা শুরু করে এ পর্যন্ত তারা দুই লাখ গ্রহাক তৈরিতে সক্ষম হয়েছে।

টেলিটকের মহাব্যবস্থাপক আমিনুল হাসান বলেন, ১৪০ মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশে মোবাইল ফোনের বাজার এবং গ্রাহক সংখ্যা ৭০ মিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

এছাড়া শিগগিরই দেশের ষষ্ঠ মোবাইল ফোন কোম্পানি হিসেবে বাজারে আসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ওয়ারিদ টেলিকম।

এর ফলে বাংলাদেশের মোবাইল ফোনের বাজারে আরও প্রতিযোগিতার সৃষ্টি হবে এবং এতে কলচার্জ কমবে ও সেবার মান বৃদ্ধি পাবে বলে মনে করছেন টেলিযোগাযোগ খাতের কর্মকর্তারা।