২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কেলেংকারির কারণে এশিয়া এনার্জির অনির্বাহী পরিচালকের পদত্যাগ

অন্য একটি কোম্পানিতে শেয়ার কেলেংকারির কারণে বাংলাদেশের ফুলবাড়ি কয়লা খনির উন্নয়ন কাজে নিয়োজিত এশিয়া এনার্জি পিএলসি-- এর একজন অনির্বাহী পরিচালক পদত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এশিয়া এনার্জির একজন উচ্চপদস্থ নির্বাহী বিডিনিউজকে বলেন, অন্য একটি কোম্পানির ঘটনায় ব্রিটিশ ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি (এফএসএ) জনাথন ম্যালিনস--এর বিরুদ্ধে জরিমানা ঘোষণা করার দু’ঘন্টার মধ্যে আমরা তাকে ডেকে পাঠাই এবং তিনি এশিয়া এনার্জি থেকে পদত্যাগ করেন।

তিনি আরও বলেন, কোম্পানির ৬৫ লাখ শেয়ারের মধ্যে ম্যালিনস-- এর শেয়ারের পরিমাণ ছিল মাত্র আড়াই লাখ।

ক্যামব্রিয়ান মাইনিং--এর নির্বাহী পরিচালক হিসেবে কোম্পানির ভেতরের তথ্য ব্যবহার করে ম্যালিনস দু’ দফায় ক্যামব্রিয়ানের ৭০,০০০ শেয়ার কেনার কারণে এফএসএ সম্প্রতি তাকে ২৫,০০০ পাউন্ড জরিমানা করে।

লন্ডনের এআইএম তালিকাভুক্ত ক্যামব্রিয়ান মাইনিং--এর শেয়ার আছে, এমন দু’টি কোম্পানি-- এশিয়া এনার্জি এবং ক্যামব্রিয়ান অয়েল এন্ড গ্যাস-- থেকে ম্যালিনসকে পদত্যাগ করতে বললেও মূল কোম্পানিতে (ক্যামব্রিয়ান মাইনিং) তার পদত্যাগ গৃহীত হয়নি।

ক্যামব্রিয়ান মাইনিং-- এর চেয়ারম্যান চার্লস ডি সিজেলস বলেন, বিষয়টি চায়ের কাপে ঝড় তোলার মত হলেও তাকে (ম্যালিনস) পদত্যাগ করতে হবে, এমন নয়।

এক বিবৃতিতে তিনি বলেন, বিষয়টিকে এড়িয়ে যাওয়ার কোনও পথ না থাকলেও পরিস্থিতি সম্পর্কে বোর্ড সম্পূর্ণ সচেতন রয়েছে। তবে যে শেয়ারগুলো কেনা হয়েছে, তা আর বিক্রি করা হয়নি। আর এ থেকেই বোঝা যায়, ম্যালিনস এ থেকে তাৎক্ষণিক কোনও অর্থনৈতিক সুবিধা নিতে চাননি।