বাগেরহাটে স্ত্রী খুন, দৌলতদিয়া নড়াইল ও ঝিনাইদহে নিহত আরও ৩ জন
বাগেরহাট, দৌলতদিয়, নড়াইল ও ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার পাটরপাড়া গ্রামে শামছুরনাহার মিনি (২৩) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যার পর তার লাশ পুকুরে ফেলে দিলে পুলিশ শুক্রবার সকালে ভাসমান লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী সৈয়দ জাকির হোসেন (৩৮)কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননী শামছুনাহার মিনিকে তার স্বামী বেধরক পিটিয়ে হত্যা করে। নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে সৈয়দ জাকির হোসেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এদিকে খুলনা দৌলতদিয়া থেকে পুলিশ শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা দৌলতদিয়া মহাসড়কে ক্যানাল নামক এলাকায় শুক্রবার ভোরে রাস্তার পাশে থেকে পুলিশ অজ্ঞাতনামা (৩৫) ওই ব্যক্তি’র লাশ উদ্ধার করে। পুলিশ ধারনা করছে রাতে কোন বাস তাকে চাঁপা দিয়ে চলে যেতে পারে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি জানান জেলার কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামে একদল সন্ত্রাসীর হাতে ওষুধ ব্যবসায়ী সঞ্জয় হালদার (৪০) নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে। ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে সঞ্জয় ঘটনাস্থলেই প্রাণ হারায়।
গ্রামবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের পিতা সীতেন হালদার বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার উদয়পুর গ্রামে একদল ছিনতাইকারী গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে রং মিস্ত্রী নাজিরউদ্দিনকে (৪০)।
পুলিশ জানায়, কাজ শেষে রাত সাড়ে দশটায় নাজিরউদ্দিন কয়েকজন সঙ্গীসহ চাল, ডাল ও সব্জি কিনে বাড়ি ফেরার পথে গ্রামের স্কুলের কাছে পৌঁছলে একদল ছিনতাইকারি তাদের পথরোধ করে। এক পর্যায়ে তারা নাজিরউদ্দিনের কেনা চাল ও সব্জি ছিনিয়ে নিতে গেলে নাজিরউদ্দিন বাঁধা দেয় এবং চিৎকার করে। এতে ছিনতাইকারি দল ক্ষিপ্ত হয়ে তার গলায় রশি দিয়ে ফাঁস দেয়। আহত অবস্থায় গ্রামবাসি নাজিরউদ্দিনকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
