ঝালকাঠির ২ বিচারক হত্যা: বিস্ফোরক মামলার আসামি সুলতান হোসেন সিআইডির রিমান্ডে
জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দু’জন বিচারক হত্যার ঘটনায় সুলতান হোসেন খানকে (৫০) সিআইডি বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলখানা থেকে পাঁচদিনের রিমান্ডে এনেছে।
ওই রাতে ও শুক্রবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। বোমা হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে সুলতান বিস্ফোরক মামলায় চার্জশিটভুক্ত দুই নম্বর আসামি। পুলিশ ওই মামলায় তাকেসহ ছয়জনকে অভিযুক্ত করে। হত্যা মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
সুলতানের বাড়ি ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায়। হত্যা মামলায় সুলতানের সম্পৃক্ততা ও নতুন তথ্য উদঘাটনের জন্যে তাকে রিমান্ডে নেয়া হয় বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি মুন্সী আতিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঝালকাঠির প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন সপ্তাহখানেক আগে সুলতানের বিরুদ্ধে রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন। কিন্তু সে সময় তাকে রিমান্ডে নেয়া হয়নি।
